চাভেজ আবারও কিউবায় চিকিৎসা নিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ (৫৭) আবারও কিউবায় চিকিৎসা নিচ্ছেন। গতকাল শুক্রবারই তাঁর কিউবায় পৌঁছার কথা। চাভেজ গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নিজে এ কথা জানান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলা হয়। চাভেজ জানান, তাঁর শরীরে নতুন একটি টিউমারের চিকিৎসা করাতে তিনি কিউবায় যাচ্ছেন। টিউমারটিতে কোনো জীবাণুর সংক্রমণ হয়েছে কি না কিংবা এটি ম্যালিগন্যান্ট টিউমার কি না, তা এখনো নিশ্চিত নন। আগামী সোম অথবা মঙ্গলবার তাঁর শরীরে অস্ত্রোপচার করা হতে পারে। এর আগে ক্যানসার ধরা পড়ার পর চাভেজ কিউবায় চিকিৎসা নেন। গত গ্রীষ্মে সেখানে তাঁর অস্ত্রোপচার এবং তাঁকে চার দফা কেমোথেরাপি দেওয়া হয়। দেশটির সরকার অবশ্য এ ক্যানসার বা প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে তখন বিস্তারিত কিছু জানানো থেকে বিরত ছিল। আগামী অক্টোবরে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে চাভেজের আবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। এএফপি।