চাভেজ কেমোথেরাপি নিলেও দেশের প্রধান হিসেবে কাজ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ এখনো দেশের দায়িত্বে রয়েছেন। বর্তমানে নতুন করে কেমোথেরাপি নিলেও তিনি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নীতি বিষয়ে গভীর চিন্তাভাবনা করছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, ৫৮ বছর বয়সী প্রেসিডেন্ট গত শুক্রবারও মন্ত্রিসভায় ‘দিকনির্দেশনা’ পাঠিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘তিনি (চাভেজ) রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কে অবহিত রয়েছেন এবং দেশের প্রধান হিসেবে এখনো দায়িত্বে রয়েছেন।’এদিকে বিরোধী দল বলছে, সরকার চাভেজের স্বাস্থ্যের অবস্থা নিয়ে মিথ্যাচার করছে। ২২ ফেব্রুয়ারি চাভেজ মন্ত্রিসভার সঙ্গে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বলে মাদুরো যে দাবি করেছেন, তাতে সন্দেহ প্রকাশ করেছে বিরোধী দল। তবে মাদুরো বলেন, প্রেসিডেন্ট মন্ত্রিসভার ওই বৈঠকে শুধু আদেশ-নির্দেশই দেননি, এর পরের দিনও তিনি তাঁর জামাতা ও বিজ্ঞানমন্ত্রী ইয়গো আরিজাকে আদেশ-নির্দেশ দিয়েছেন। এএফপি।