চাভেজ মৃত্যুর সঙ্গে লড়ছেন: মাদুরো
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, প্রেসিডেন্ট হুগো চাভেজের অবস্থা সংকটাপন্ন। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।চাভেজ দেশটির রাজধানী কারাকাসের একটি সামরিক হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। ক্যানসারের চিকির্যাসা শেষে কিউবা থেকে দেশে ফেরার ১০ দিন পর তাঁকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো চাভেজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে গত সপ্তাহে সরকারের তরফে বলা হয়, চাভেজ এখনো শ্বাস-প্রশ্বাসের সংক্রমণে ভুগছেন এবং তাঁর অবস্থা সুবিধাজনক নয়।লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আটটি দেশের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বৃহস্পতিবার মাদুরো বলেন, ‘চাভেজ তাঁর স্বাস্থ্য ও জীবন নিয়ে লড়ছেন। আমরা তাঁকে সঙ্গ দিচ্ছি। তিনি জটিল ও কঠিন পরিস্থিতির সম্মুখীন।’এদিকে চাভেজের পছন্দের এই উত্তরসূরির মতোই সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্য কর্মকর্তারা তাঁদের অসুস্থ নেতার শারীরিক অবস্থা সম্পর্কে প্রায় একই রকম মন্তব্য করেন।চাভেজের এমন অবস্থার কারণ হিসেবে মাদুরো বলেন, ‘ভেনেজুয়েলাবাসীকে স্বদেশ উপহার দিতে এবং যাঁরা চাকরি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকির্যাসার সুযোগ থেকে বঞ্চিত, তাঁদের সেগুলোর ব্যবস্থা করতে চাভেজ শরীর-মন উজাড় করে দিয়েছেন। তিনি নিজের দিকে নজর দিতে ভুলে গেছেন।’ক্যানসারের চিকির্যাসায় গত বছরের ১১ ডিসেম্বর চতুর্থ দফা অস্ত্রোপচারের পর থেকে চাভেজকে জনসমক্ষে বক্তব্য দিতে বা উপস্থিত হতে দেখা যায়নি। কেবল গত ১৫ ফেব্রুয়ারি তাঁর কিছু ছবি প্রকাশিত হয়। ছবিতে হাভানার একটি হাসপাতালের শয্যায় তাঁকে তাঁর দুই মেয়ের সঙ্গে দেখা গেছে। ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার আগে টানা দুই মাস তিনি হাভানার ওই হাসপাতালে কাটান।সরকারিভাবে বলা হয়েছে, এই অবস্থার মধ্যেও চাভেজ তাঁর দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। এএফপি।