ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। এখন তিনি হাসপাতালে হাসিঠাট্টা করছেন ও রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। গত সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জাউয়া টুইটারবার্তায় এসব কথা জানান।ক্যানসার-আক্রান্ত চাভেজ কিউবায় চিকিৎসা নিচ্ছেন। গত ১১ ডিসেম্বর চতুর্থ দফা অস্ত্রোপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। প্রায় ছয় সপ্তাহ ধরে জনসমক্ষে আসছেন না চাভেজ।পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জাউয়া টুইটারবার্তায় বলেন, ‘এই মাত্র আমাদের নেতা প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে বৈঠক করে এলাম। আমরা বেশ কিছু বিষয় নিয়ে নেতার সঙ্গে রসিকতা করেছি। নেতা আমাদের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর জোট সিইএলএসির সম্মেলনে অংশ নিতে বলেছেন। আমরা অত্যন্ত খুশি।’চিলির রাজধানী সান্টিয়াগোয় চলতি সপ্তাহেই সিইএলএসির সম্মেলন হওয়ার কথা।ভেনেজুয়েলার বিরোধী দল চাভেজকে রাষ্ট্রীয় গণমাধ্যমে জনগণের উদ্দেশে বক্তৃতা দেওয়ার দাবি জানিয়েছে। বিরোধী দলের ভাষ্য, চাভেজ সুস্থ থাকলে অবশ্যই জনগণের উদ্দেশে বক্তৃতা করা উচিত।অসুস্থতার কারণে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেননি চাভেজ। ১০ জানুয়ারি তাঁর শপথ নেওয়ার কথা ছিল। তবে দেশটির সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, শপথ ছাড়াই নতুন মেয়াদে কাজ শুরু করতে পারবেন চাভেজ। সুস্থ হওয়ার পর যেকোনো সময় শপথ নিতে পারবেন তিনি। চাভেজ নতুন মেয়াদে ২০১৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কথা। ১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন তিনি। এএফপি।