চাভেজকে সন্তান ভাবে কিউবা
ভেনেজুয়েলার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে কিউবার সম্পর্ক ছিল একেবারেই অন্য রকম। সমাজতান্ত্রিক এই নেতাকে নিজেদেরই একজন মনে করে কিউবার মানুষ। তাঁর মৃত্যুর পর সেই সম্পর্কের বহিঃপ্রকাশও ঘটেছে কিউবায়। দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।চাভেজের শেষকৃত্য অনুষ্ঠান হয় গতকাল শুক্রবার। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কিউবার রাজধানী হাভানায় ২১ বার তোপধ্বনি করা হয়। তিন দিন ধরে রাষ্ট্রীয় শোকে কিউবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়, চাভেজ কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ছেলের মতো সব সময় তাঁর পাশে ছিলেন। এর পর থেকে টেলিভিশনে চাভেজের তরুণ বয়সের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র প্রচার করা হয়।কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমা তে চাভেজের মৃত্যুর খবর গুরুত্বসহকারে প্রচার করা হচ্ছে। হাভানায় একটি সড়কের পাশে সেই পত্রিকা বিক্রি করছিলেন হকার এদুয়োর্দো লিওন। তিনি বলেন, ‘চাভেজ কিউবার খুব কাছের বন্ধু ছিলেন। তিনি আমাদের অনেক সহায়তা করেছেন। তাঁর মৃত্যুতে কিউবা সন্তান হারানোর মতো কষ্ট অনুভব করবে।’ বিবিসি।