ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থার প্রতিদিনই উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে মাদুরো বলেন, ‘প্রেসিডেন্ট চাভেজ বিশ্রামে আছেন। তাঁকে সম্ভাব্য সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে।’দেহে ক্যানসারের ক্ষতিকারক কোষ ধরা পড়ায় চিকিৎসার জন্য চাভেজ গত ১০ ডিসেম্বর কিউবায় যান। সেখানে চতুর্থ দফায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। ২০১১ সালের জুনে প্রথম তাঁর ক্যানসার ধরা পড়ে। এরপর আরও তিনবার তাঁর অস্ত্রোপচার করা হয়।ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলিগাস গত মঙ্গলবার জানান, চাভেজের শ্বাসতন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তবে সেই সংক্রমণ এখন নিয়ন্ত্রণে আছে। বর্তমানে চাভেজের অবস্থা স্থিতিশীল।ভিলিগাস আশঙ্কা প্রকাশ করেন, আগামী ১০ জানুয়ারি সরকারের নতুন মেয়াদের উদ্বোধনী অনুষ্ঠানে চাভেজ না-ও থাকতে পারেন। কেননা তখনো তাঁর কিউবায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে।বিরোধী দল বলছে, প্রেসিডেন্ট ১০ জানুয়ারি শপথ নিতে না পারলে এক মাসের মধ্যে নতুন করে নির্বাচন দিতে হবে। কারণ শপথ অনুষ্ঠান স্থগিত করা অসাংবিধানিক। তবে পার্লামেন্টে চাভেজের দলের নেতা দিওসদাদো কাবেলা বলেছেন, চাভেজ ওই দিন শপথ নিতে না পারলেও নতুন করে নির্বাচন দেওয়া হবে না।কাবেলা বলেন, চাভেজ যদি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে শপথ অনুষ্ঠান দেরি হতে পারে। ১০ জানুয়ারি তিনি অনুপস্থিত থাকার অর্থএই নয় যে, তিনি আর কখনই আসবেন না।চাভেজ ১৯৯৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকরেন। গত বছরের অক্টোবরের নির্বাচনে তিনি আরও ছয় বছরের জন্যনির্বাচিত হন।সর্বশেষ কিউবায় যাওয়ার আগে চাভেজ তাঁর উত্তরাধিকারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট মাদুরোর নাম ঘোষণা করেন। মাদুরো তাঁর পূর্বসূরির সমাজতান্ত্রিক বিপ্লব রক্ষার অঙ্গীকার করেছেন। এএফপি ও বিবিসি।