চাভেজের অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের অবস্থা স্থিতিশীল। তবে সর্বশেষ ক্যানসারের অস্ত্রোপচারের পর তিনি শ্বাসনালির সংক্রমণে ভুগেছিলেন। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী আরনেস্তো ভিলেগাস বলেন, চিকিৎসকেরা সংক্রমণের চিকিৎসা দিয়েছেন। এখন চাভেজের সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, ‘জটিল অস্ত্রোপচারের’ পর এ ধরনের সংক্রমণ হয়ে থাকে। অসুস্থ নেতার এখন পূর্ণ বিশ্রাম প্রয়োজন।কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে গত মঙ্গলবার চাভেজের শরীর থেকে ক্যানসারের কোষবাহী টিস্যু অপসারণে অস্ত্রোপচার করা হয়। এ নিয়ে গত এক বছরে চতুর্থ দফায় তাঁর শরীরের অস্ত্রোপচার করা হলো। হুগো চাভেজ ১৯৯৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হন। আগামী ১০ জানুয়ারি তিনি চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কারণে তিনি যদি শপথ নিতে ব্যর্থ হন, তবে দেশটিকে নতুন নির্বাচনের আহ্বান করতে হবে।প্রেসিডেন্ট চাভেজ ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাঁর অবর্তমানে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি গভর্নর নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে তাঁর দল অবস্থান আরও সংহত করেছে। তবে অসুস্থ থাকায় এ জয়ের কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি চাভেজ। এএফপি ও বিবিসি।