চাভেজের অবস্থার উন্নতি হচ্ছে: ভাইস প্রেসিডেন্ট মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। কিউবার হাভানায় হাসপাতালে চিকিৎসাধীন চাভেজকে দেখে মঙ্গলবার দেশে ফিরে তিনি এ খবর জানান। এদিন দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশে বার্ষিক ‘স্টেট অব দ্য নেশন’ ভাষণও দেন তিনি।এদিকে হাসপাতাল থেকে প্রেসিডেন্ট চাভেজ নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছেন।হাভানায় তিন দিনের সফর শেষে ভাইস প্রেসিডেন্ট মাদুরো মঙ্গলবার দেশে ফেরেন। তিনি বলেন, এ কয়েক দিন তিনি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা চাভেজের সঙ্গে জাতীয় বিভিন্ন বিষয় এবং দেশে তেলের মজুত নিয়ে আলোচনা করেছেন। ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।চাভেজের স্বাস্থ্য-পরিস্থিতি নিয়ে সর্বশেষ সরকারি প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে তাঁর স্বাস্থ্য ভালোর দিকে এগোলেও তিনি এখনো ‘শ্বাস-প্রশ্বাসের কষ্টে’ ভুগছেন। ফুসফুসের তীব্র সংক্রমণ থেকে এ অবস্থার সৃষ্টি হয়।মাদুরো বলেন, চাভেজ নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট এলিয়াজ জাউয়ার নাম ঘোষণা করেছেন। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও সরকারের ওপর চাভেজের নিয়ন্ত্রণ অটুট রয়েছে—সমর্থকদের মধ্যে এ ধরনের সংকেত দিতেই তিনি এ ঘোষণা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এএফপি ও রয়টার্স।