চাভেজের উত্তরসূরি
‘চাভেজমো’! দেড় দশক ধরে ভেনেজুয়েলার নাগরিকেরা যে রাজনৈতিক পদ্ধতির আওতায় বাস করেছে, তাকে বলা হয়ে থাকে ‘চাভেজমো’। দেশটির সমাজতান্ত্রিক নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজের নামানুসারে এই নামকরণ। এটা কিছুটা চাভেজের ব্যক্তিগত ভাবমূর্তি, আর কিছুটা তাঁর জনপ্রিয় রাজনৈতিক তত্ত্বের মিশ্রণ।তবে ক্যানসারের সঙ্গে এই বামপন্থী নেতার দীর্ঘ লড়াইয়ের নতুন অধ্যায় শুরু হওয়ায় দেশটির নাগরিকেরা নতুন ‘চাভেজমো’ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই অধ্যায়ের নেতৃত্বে থাকছেন নিকোলা মাদুরো। তিনি চাভেজেরই বেছে নেওয়া উত্তরসূরি। বর্তমানে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।চাভেজ গত শনিবার ঘোষণা দেন, কিউবার চিকিৎসকেরা তাঁর দেহে নতুন ক্যানসার কোষের অস্তিত্ব শনাক্ত করেছেন। গত বছর দেহের যে অংশে ক্যানসার কোষ শনাক্ত করা হয়েছিল, এবারও সেই অংশেই পাওয়া গেছে এই প্রাণঘাতী ব্যাধি। চিকিৎসা নিতে কিউবায় যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে চাভেজ তাঁর অবর্তমানে উত্তরসূরিও নির্বাচন করে গেছেন।চাভেজের শনিবারের ওই ঘোষণাকে ক্ষমতার ‘পটপরিবর্তনের শুরু’ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।ডাটানালিসিসি ইনস্টিটিউটের লুই ভিসিন্তে বলেন, মাদুরোকে উত্তরসূরি নির্বাচনের মাধ্যমে চাভেজ ক্ষমতার ‘পটপরিবর্তনেরই আভাস’ দিলেন। চাভেজ বিদায় নিলে দলে যাতে ক্ষমতার দ্বন্দ্ব দেখা না দেয় এবং সবাই মাদুরোর পেছনে দাঁড়ায়, সেই ব্যবস্থাই করে দেওয়া হলো।মাদুরো ছয় বছর ধরে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী। তবে গত অক্টোবরের নির্বাচনে জয়ী হয়ে চাভেজ নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মাদুরো অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হন।ভেনেজুয়েলা বিষয়ে দীর্ঘদিন ধরে খবর রাখেন এমন পর্যবেক্ষকেরা মাদুরোর প্রশংসা করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী রিকার্ডো সাক্রি বলেন, ‘তিনি (মাদুরো) কম কথা বলেন। তিনি সেই ব্যক্তিদের একজন, যাঁর রয়েছে বৈদেশিক কূটনীতিকের মতো ব্যক্তিত্ব। সংলাপের বিষয়ে সব সময়ই তাঁর দ্বার খোলা।’ প্রায় একই ধরনের মন্তব্য করেন ইতিহাসবেত্তা মারগারিটা লোপেজ মাইয়া। তিনি বলেন, বিশেষ করে অসুস্থ প্রেসিডেন্টের প্রতি আনুগত্যের দিক দিয়ে মাদুরোকে কৃতিত্ব দিতেই হবে।চাভেজের মতোই মাদুরো একেবারে ছোট অবস্থান থেকে রাজনীতির শিখরে এসেছেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন বাসচালক। শ্রমিক আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনীতি-জীবনের শুরু। পরে চাভেজের রাজনৈতিক বৃত্তের মধ্যপন্থী শাখায় যোগ দিয়ে এটাকেই পেশা হিসেবে তিনি বেছে নেন। এএফপি।