চাভেজের উত্তরসূরি পেল ভেনেজুয়েলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রয়াত বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের উত্তরসূরি নির্বাচিত হয়েছেন সে দেশের অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। দেশটিতে গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সমাজতন্ত্রী এই নেতা।চাভেজের পছন্দের উত্তরসূরি নিকোলা মাদুরো ভোট পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ। মাদুরো ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ক্যাপরিলেস লড়েন জাস্টিস ফার্স্ট পার্টি থেকে।ক্যাপরিলেস ভোট পুনর্গণনার দাবি জানিয়ে বলেছেন, মাদুরো এখন আরও বেশি ‘বৈধতা হারালেন’। রোববারের নির্বাচনে তিন হাজারের অনিয়মের ঘটনা ঘটেছে। তাই এগুলোর পুনর্যাচাই প্রয়োজন। তবে রোববার রাতে ভোটের ফলাফল ঘোষণা করে ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল বলেছে, এটি পরিবর্তনযোগ্য নয়।ফল ঘোষণার পর পরই রাজধানী কারাকাসজুড়ে উৎসব শুরু হয়। প্রেসিডেন্ট মাদুরোর উল্লসিত সমর্থকেরা গাড়ির হর্ন বাজিয়ে ও আতশবাজি ফুটিয়ে আনন্দে মেতে ওঠে। মাদুরোর বিরোধীরা হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ দেখায়।জয়ী হওয়ার পর মাদুরো প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমবেত বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি বলেন, এই ফলাফল ‘সঠিক, বৈধ ও সাংবিধানিক’। মাদুরো বলেন, তাঁর এই জয়ে প্রমাণিত হয়েছে হুগো চাভেজ অপরাজেয়। চাভেজ যে লড়াই শুরু করেছিলেন তিনি তা অব্যাহত রাখবেন।নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, তিনি প্রতিদ্বন্দ্বী ক্যাপরিলেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি তাঁকে বলেছেন, নির্বাচনী ফলাফল নিরীক্ষায় তিনি সম্মত। একই সঙ্গে মাদুরো বলেন, যাঁরা তাঁকে ভোট দেননি, দেশের স্বার্থে তিনি তাঁদেরও মিলেমিশে কাজ করার আহ্বান জানাচ্ছেন।মাদুরো যে ভোটের ব্যবধানে ক্যাপরিলেসকে পরাজিত করেছেন, তা গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ব্যবধানের তুলনায় অনেক কম। ওই নির্বাচনে প্রেসিডেন্ট হুগো চাভেজ প্রতিদ্বন্দ্বী ক্যাপরিলেসকে ১০ শতাংশের বেশি ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে আগে জনমত জরিপের ফলাফলে ক্যাপরিলেসের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন মাদুরো। তবে নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে প্রত্যাশার চেয়ে অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টেলিভিশনে ফলাফল ঘোষণার সময় ক্যাপরিলেসের নির্বাচনী প্রচারণা সদর দপ্তরে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে বিষণ্নতার ছায়া নেমে আসে। এ সময় কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। কেউ আবার হতাশায় হাঁটুতে মাথা লুকায়। ফলাফল ঘোষণার অল্প পর ক্যাপরিলেস ক্রুদ্ধ ও অগ্নিশর্মা রূপ ধারণ করে সেখান থেকে বেরিয়ে আসেন।ক্যাপরিলেস বলতে থাকেন, এটা সেই সরকার যে আসলে নিজেই পরাজিত হয়েছে। তিনি প্রেসিডেন্ট মাদুরোর নাম ধরে বলেন, ‘আজ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন আপনি। দেশের মানুষ আপনাকে ভালোবাসে না।’ বিবিসি, রয়টার্স ও এএফপি।