চাভেজের জন্য ভক্তদের প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় ক্যানসারের চিকিত্সা নিয়ে বেশ কয়েক দিন আগে ভেনেজুয়েলায় ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজ। তবে এখনো তিনি পুরোপুরি সেরে ওঠেননি। তাই রাজধানী কারাকাসে সোমবার সাদা পোশাকে প্রায় দেড় শ ভক্ত নেচে-গেয়ে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।গত সপ্তাহে কারাকাসের উপকণ্ঠে তিন শতাধিক ভক্ত ক্যাথলিক গির্জায় চাভেজের জন্য প্রার্থনা করেন। সেখানে শান্তিতে নোবেলজয়ী গুয়াতেমালার রিগোবার্তো মেঞ্চুও উপস্থিত ছিলেন। সে সময় তিনি বলেন, এই প্রার্থনা থেকে চাভেজ মহাজাগতিক শক্তি অর্জন করবেন। গত ডিসেম্বরেও কারাকাসের মসজিদে তাঁর জন্য প্রার্থনা হয়। এখন আফ্রিকার বংশোদ্ভূত ইয়োরুবা গোষ্ঠীর মানুষেরাও প্রার্থনা করছেন।ভেনেজুয়েলার ইয়োরুবা সোসাইটির সভাপতি গঞ্জালো বায়েজ বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য চাভেজ তাঁর জীবন-যৌবন উত্সর্গ করেছেন। কাজেই দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ বিশ্বাস থেকে তাঁর জন্য প্রার্থনা করা উচিত।’তবে কিছু বিশ্লেষক চাভেজের ধর্মীয় অনুরাগের বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। এএফপি।