চাভেজের দেহ ও স্মৃতি সংরক্ষণ নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রয়াত নেতা হুগো চাভেজের পাঁড় ভক্তরা কিছুতেই তাঁদের প্রিয় নেতাকে বিদায় বলতে চান না। তাঁরা চান, চাভেজের মরদেহ মমি করে রাখা হোক। কিন্তু চাভেজের উত্তরাধিকারীরা বলছেন, সেটা না-ও করা হতে পারে।ক্যানসারে আক্রান্ত হয়ে ৫ মার্চ মারা গেছেন চাভেজ। এর ১২ দিন পেরিয়ে গেলেও তাঁর মরদেহ সমাহিত করা হবে, নাকি তা মমি করে রাখা হবে—এ বিতর্ক চলছেই। এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি চাভেজের অনুসারীরা।প্রথমে পরিকল্পনা ছিল, চাভেজের মরদেহ মমি করা হবে। নতুন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোও তেমনটিই বলেছিলেন। কিন্তু তিনি এখন বলছেন, সেটি সম্ভব না-ও হতে পারে। কেননা, মৃত্যুর পর সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়ার জন্য অনেকটা সময় পেরিয়ে গেছে। ক্যানসারে মৃত্যু হওয়ায় এ কয় দিনে মরদেহ কিছুটা ক্ষতিগ্রস্তও হয়েছে। এখন মমি করাটা বেশ কঠিন। সেটা করা গেলেও সে জন্য ব্যাপক রাসায়নিক ব্যবহার করতে হবে। এতে করে অনেক তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাবে।গুঞ্জন আছে, চাভেজের ক্যানসারে আক্রান্ত হওয়ার পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। সম্ভবত শত্রুদের প্রয়োগ করা বিষ থেকেই তাঁর দেহে ক্যানসার ছড়িয়েছিল। এখন মরদেহ মমি করার জন্য রাসায়নিক ব্যবহার করা হলে সেই প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে।মৃত্যুর পর জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য চাভেজের মরদেহ রাখা হয়েছিল রাজধানী কারাকাসের সামরিক একাডেমিতে। ১০ দিন সেখানে রাখার পর গত শুক্রবার মরদেহ নেওয়া হয়েছে কারাকাস থেকে ২০ কিলোমিটার দূরের সামরিক জাদুঘরে। ওয়াশিংটন পোস্ট।