চাভেজের নাটকীয় প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাসেরও বেশি সময় কিউবায় অবস্থানের পর গতকাল সোমবার দেশে ফিরেছেন। কোনো ঘোষণা ছাড়াই তাঁর এই আকস্মিক প্রত্যাবর্তনের খবর অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের জানানো হয়।টুইটারে একাধিক বার্তায় প্রেসিডেন্ট চাভেজ লেখেন, ‘মাতৃভূমি ভেনেজুয়েলায় আমরা ফিরে এসেছি। ধন্যবাদ, ঈশ্বর! ধন্যবাদ, প্রিয় দেশবাসী! ফিদেল কাস্ত্রো, রাউলসহ কিউবার সবাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেশেই এখন আমার চিকিৎসা চলবে। ভেনেজুয়েলাকে ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য।’ঈশ্বরের প্রতি বিশ্বাস পুনর্ব্যক্ত করে নিজের পরিপূর্ণ সুস্থতার ব্যাপারে আশা প্রকাশ করেন চাভেজ। তিনি লেখেন, ‘যিশু খ্রিষ্টের প্রতি বিশ্বাস এবং চিকিৎসক ও সেবিকাদের প্রতি আমার আস্থা অটুট রয়েছে। সব সময়ের মতোই আমরা বেঁচে থাকব এবং বিজয়ী হব।’ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, রাত আড়াইটায় দেশে পৌঁছান চাভেজ। বিমানবন্দর থেকে তাঁকে রাজধানী কারাকাসের কার্লোস আভারেলা সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলবে। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে সমর্থকেরা রাস্তায় রাস্তায় আতশবাজি পুড়িয়ে উদ্যাপন করে। ৫৮ বছর বয়সী নেতার স্বাস্থ্য নিয়ে জনমনে সংশয় এখনো কিছুটা রয়ে গেছে। ক্যানসারের চিকিৎসায় তাঁর শরীরে গত ডিসেম্বরে ছয় ঘণ্টাব্যাপী এক অস্ত্রোপচার হয়। এরপর দীর্ঘদিন তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। তাঁর চিকিৎসা-পরবর্তী কয়েকটি ছবি অবশেষে গত শুক্রবার প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে তিনি এখনই শপথ নেবেন কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এএফপি, রয়টার্স ও এপি।