চাভেজের পক্ষে ভাইস প্রেসিডেন্ট মাদুরোর ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশে বার্ষিক ‘স্টেট অব দ্য নেশন’ ভাষণ দিতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) তাঁর এই ভাষণ দেওয়ার কথা। ক্যানসারে আক্রান্ত হয়ে কিউবার একটি হাসপাতালে চিকিৎসারত প্রেসিডেন্ট হুগো চাভেজের পক্ষে তিনি এ ভাষণ দেবেন।ভেনেজুয়েলার জাতীয় পরিষদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দারিয়ো ভিভাস বলেন, চাভেজের পছন্দের উত্তরসূরি নিকোলা মাদুরো প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সাংবিধানিকভাবে ওই ভাষণ দেবেন।সংবিধান অনুযায়ী, আইনসভার সদস্যদের শপথ গ্রহণের ১০ দিনের মধ্যে ওই ভাষণ প্রেসিডেন্টের ‘ব্যক্তিগতভাবে’ দেওয়ার কথা। ৫ জানুয়ারি আইনপ্রণেতারা শপথ নেন। সেই হিসেবে গতকাল ছিল এই ভাষণের শেষ দিন।ক্যানসারের চিকিৎসায় এক মাসের কিছু সময় আগে প্রেসিডেন্ট চাভেজের দেহে চতুর্থ দফা অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা বা তাঁর কথা শোনা যায়নি। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান: প্রেসিডেন্ট চাভেজ যদি মারা যান, তবে ভেনেজুয়েলায় দ্রুত নির্বাচন অনুষ্ঠানে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাজিল। ব্রাজিলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা সোমবার রয়টার্সকে এ কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, তাঁরা তাঁদের ইচ্ছার কথা ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সরাসরি জানিয়ে দিয়েছেন। বিবিসি।