ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো প্রায় দুই দশক ধরে দেশটির প্রয়াত নেতা হুগো চাভেজের পাশে ছিলেন। ১৯৯৮ সালে চাভেজের প্রথম নির্বাচন থেকে শুরু করে গত মাসে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাঁর ছায়াসঙ্গী ছিলেন তিনি।এক সময়ের বাসচালক মাদুরো পরে ইউনিয়ন কর্মী থেকে পররাষ্ট্রমন্ত্রী হন। এরও পরে তাঁকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেন চাভেজ। মাদুরো নিজেকে চাভেজের ‘ছেলে’ বলে উল্লেখ করে আসছেন। গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভের পর আনুষ্ঠানিকভাবে নতুন উপাধি লাভ করেছেন মাদুরো—চাভেজের উত্তরসূরি।তাঁর প্রিয় নেতা চাভেজের মৃত্যুর পর এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো বলেন, ‘এমন দৃশ্য আমি কখনো কল্পনাও করিনি। মাঝেমাঝে মনে হয় স্বপ্ন দেখছি, দুঃস্বপ্নের ভেতরে হারিয়ে ফেলেছি আমাদের নেতাকে।’চাভেজের মৃত্যুর পর তাঁর সমাজতান্ত্রিক বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মাদুরো। চাভেজ বহুবার অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র তাঁকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। চাভেজের মৃত্যুর পর একই ধরনের অভিযোগ তোলেন মাদুরো। তিনিও বলেন, তাঁকে হত্যার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চাভেজের পরিবারের সদস্যদের সঙ্গেও মাদুরোর সখ্য রয়েছে। প্রায়ই তাঁদের ভিড়ে মাদুরোকে দেখা যায়। চাভেজের মেয়ের জামাই জর্জ আরেয়াজাকে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন মাদুরো। নির্বাচনী প্রচারণাকালেও অভিনব কৌশল হাতে নেন মাদুরো। একবার তিনি বলেন, চাভেজের চেতনা ‘ছোট্ট একটি পাখির’ রূপ ধরে তাঁর কাছে এসেছিল। আর তিনি শিস দিয়েছিলেন। এ নিয়ে বিরোধীরা অবশ্য ব্যঙ্গ-বিদ্রূপ করতে ছাড়েনি।রোববার ভোট দেওয়ার পর মাদুরো বলেন, ‘ওই ছোট্ট পাখিকেই আমার ভোট দিয়ে এসেছি, যে পাখিটি মুক্ত ডানা মেলে উড়ছে।’যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক ছিলেন চাভেজ। নিজের মতো করে চালিয়ে নিয়ে এসেছেন সমাজতান্ত্রিক বিপ্লব। তাঁর অনুসারীদের আশা, মাদুরোও নিষ্ঠার সঙ্গে চাভেজের পথ অনুসরণ করবেন। চাভেজের অসমাপ্ত বিপ্লবকে আরও এগিয়ে নিয়ে যাবেন।মাদুরোর জন্ম ১৯৬২ সালে। তরুণ বয়সে এনিগমা নামের একটি রক ব্যান্ডে গিটার বাজাতেন। ইউনিয়নে যোগ দেওয়ার আগে রাজধানীতে বাস চালাতেন। ১৯৯২ সালে চাভেজের নেতৃত্বে পরিচালিত অভ্যুত্থান ব্যর্থ হয়। তখন চাভেজের দেহরক্ষীদের একজন ছিলেন মাদুরো। তিনি ২০০৫-০৬ সালে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী হন। এ সময় ইরান, সিরিয়া ও কিউবাসহ লাতিন আমিকার বামপন্থী দেশগুলোর জোটের সঙ্গে সুসম্পর্ক আরও ত্বরান্বিত করেন। গত বছর মাদুরোকে ভাইস প্রেসিডেন্ট করেন চাভেজ। ক্যানসার চিকিৎসায় চতুর্থ দফায় অস্ত্রোপচারের উদ্দেশ্যে গত ডিসেম্বরে কিউবা যাওয়ার আগে মাদুরোকে নিজের উত্তরসূরি ঘোষণা করেন চাভেজ। তখন ভক্ত-সমর্থকদের উদ্দেশে বলে যান, তিনি যদি কিউবা থেকে আর ফিরে না আসেন, তাহলে যেন মাদুরোকেই প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। চাভেজ আরও বলেন, যদিও তিনি (মাদুরো) বয়সে তরুণ, তবু তাঁর রয়েছে বিস্তর অজ্ঞিতা। গত অক্টোবরে মাদুরোকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়ার সময় চাভেজ বলেছিলেন, দেখুন নিকোলা কোথায় যায়...। এক সময়ের বাসচালক, আর ওরা কীভাবে তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করে। বিবিসি।