চাভেজের প্রকৃত অবস্থা প্রকাশের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক শ ছাত্র ও চাভেজবিরোধীরা গত রোববার প্রেসিডেন্ট হুগো চাভেজের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা বিস্তারিত জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা স্লোগান দেন, ‘আমরা ক্যানসারে আক্রান্ত চাভেজের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানতে চাই।’ একজন বিক্ষোভকারী দেশটির টেলিভিশন চ্যানেল গ্লোবোভিশনে জানান, তাঁরা শুধু প্রেসিডেন্টের প্রকৃত শারীরিক অবস্থা জানতে চান। আর এই চাওয়াটি তাঁদের অধিকার।চাভেজ কিউবায় ক্যানসারের চিকিৎসা নিয়ে গত মাসের শেষ দিকে দেশে ফিরেছেন, কিন্তু এখনো তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত শনিবার জানিয়েছেন, চাভেজ এখনো ক্যানসারের চিকিৎসায় জটিল কেমোথেরাপি নিচ্ছেন। এদিকে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম জানিয়েছে, চাভেজ হাসপাতালে থাকাকালীন অবস্থায়ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন। উল্লেখ্য, হুগো চাভেজ ১৪ বছর যাবৎ ভেনেজুয়েলা শাসন করছেন। ধারণা করা হয়, বর্তমানে তিনি পেলভিক ক্যানসারে ভুগছেন। তবে সরকারের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্যের প্রকৃত অবস্থা কখনই প্রকাশ করা হয়নি। ২০১১ সালের জুন মাসে চাভেজের ক্যানসারের কথা প্রথম জানানো হয়। এরপর কিউবায় তাঁর শরীরে চার দফায় অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে দেশে ফিরেও তিনি কেমোথেরাপি নিচ্ছেন। তিনি ২০১২ সালে পরবর্তী ছয় বছরের জন্য পুনরায় নির্বাচিত হন। বিবিসি।