চাভেজের মরদেহ জাদুঘরে
১০ দিনের জাতীয় শোক শেষে ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের মরদেহ গত শুক্রবার রাজধানী কারাকাসের সামরিক একাডেমি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সামরিক জাদুঘরে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাঁর হাজারও ভক্ত। চাভেজের মেয়ে মারিয়া গেব্রিয়েলা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমাদের পিতৃভূমি ফিরিয়ে দিয়েছিলে বলে তোমাকে ধন্যবাদ, বাবা।’জাদুঘরে চাভেজের কফিনকে সামরিক গার্ড অব অনার জানানো হয়। এ ছাড়া ধর্মীয় ও রাজনৈতিক আচার পালন করা হয়। এ সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।পাহাড়ঘেরা ওই সামরিক জাদুঘর থেকেই ১৯৯২ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন চাভেজ। এই ব্যর্থ অভ্যুত্থানের মধ্য দিয়েই তাঁর পরবর্তী রাজনৈতিক সাফল্যের সূচনা হয়।প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ৫ মার্চ মারা যান চাভেজ।চাভেজের মরদেহ সাময়িকভাবে সামরিক জাদুঘরে রাখা হলেও তাঁর শেষ ঠিকানা কোথায় হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। শুক্রবার আচার অনুষ্ঠান শেষে সে দেশের তথ্যমন্ত্রী আরনেস্তো ভিলেগাস বলেছেন, চাভেজের মরদেহ মমি করে রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর এ সিদ্ধান্ত নেয় সরকার। বিবিসি।