চাভেজের মৃত্যুর গুজব, সরকারের নাকচ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজকে ক্যানসারের চিকিৎসায় নতুন করে কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে। তবে তাঁর মনোবল অটুট রয়েছে। গত শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এ তথ্য জানান। এর আগের দিন চাভেজ কারাকাসের সামরিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে তিনি জানিয়েছিলেন। এদিকে বামপন্থী নেতা হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো চাভেজ মারা গেছেন বলে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে দিয়ে বলেছেন, তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। একই সঙ্গে তিনি বিরোধী নেতাদেরও সমালোচনা করেন। বিরোধীরা অভিযোগ করে আসছে, সরকার চাভেজের শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে।কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে গত বছরের ডিসেম্বরে ক্যানসারের চিকিৎসায় চতুর্থ দফা অস্ত্রোপচারের পর চাভেজকে নতুন করে কেমোথেরাপি দেওয়ার খবর ভাইস প্রেসিডেন্ট মাদুরো এই প্রথম প্রকাশ করলেন। চাভেজের সুস্থতা কামনায় গত শুক্রবার হাসপাতালে এক প্রার্থনাসভার পর মাদুরো বলেন, চিকিৎসা নেওয়ার মতো উপযুক্ত শক্তি তাঁর এখনো রয়েছে। তাঁর মনোবল অটুট রয়েছে এবং তিনি বাঁচার জন্য লড়ছেন। সরকারি কর্মকর্তারা জানান, হাসপাতালে অসুস্থ প্রেসিডেন্ট এক বিশেষ নলের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং শয্যায় থাকা অবস্থাতেই জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে দেখা দিচ্ছেন। গত বছরের ১১ ডিসেম্বরের কথা স্মরণ করে মাদুরো বলেন, ওই দিন হাভানার হাসপাতালে অস্ত্রোপচারকক্ষে প্রবেশের সময় চাভেজ তাঁকে বলেছিলেন, তিনি সম্ভবত আর বাঁচবেন না। তবে তিনি ঠিকই বেঁচে রয়েছেন। তিনি জানান, শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণের কারণে ৫৮ বছর বয়সী নেতা চাভেজের অবস্থা গত বছরের শেষ নাগাদ অবনতি ঘটে। কিন্তু পরে অবস্থার সার্বিক উন্নতি হলে সহায়ক চিকিৎসা হিসেবে আবার কেমোথেরাপির সিদ্ধান্ত নেওয়া হয়।লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আটটি দেশের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে বৃহস্পতিবার মাদুরো বলেন, ‘চাভেজ তাঁর জীবন নিয়ে লড়ছেন। আমরা তাঁকে সঙ্গ দিচ্ছি। তিনি জটিল ও কঠিন পরিস্থিতির সম্মুখীন।’ তবে এদিন তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।হাভানায় গত বছরের ১১ ডিসেম্বর চতুর্থ দফা অস্ত্রোপচারের পর চাভেজকে জনসমক্ষে বক্তব্য দিতে বা উপস্থিত হতে দেখা যায়নি। কিউবা থেকে দেশে ফেরার ১০ দিন পর তাঁকে সংকটাপন্ন অবস্থায় কারাকাসের ওই সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এএফপি, বিবিসি ও রয়টার্স।