চাভেজের মৃত্যুর গুঞ্জন স্রেফ গুজব: জামাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ মারা গেছেন বলে সামাজিক গণমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছেন তাঁর পরিবার। চাভেজের জামাতা প্রযুক্তিমন্ত্রী হোর্হে অ্যারিয়াজা এই গুঞ্জনকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। অ্যারিয়াজা বলেছেন, অস্ত্রোপচারের পর নতুন করে শারীরিক জটিলতায় পড়ার পর কিউবার হাসপাতালে চাভেজ এক দিন বিশ্রামে কাটিয়েছেন। এ সময় তাঁর সন্তানেরা তাঁর পাশে ছিলেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।এদিকে চাভেজের নতুন করে শারীরিক জটিলতার কারণে ভেনেজুয়েলায় সরকারিভাবে নববর্ষ উদ্যাপন বর্জন করা হয়েছে। প্রেসিডেন্টের রোগ মুক্তি কামনা করে কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদে গণ-প্রার্থনার আয়োজন করা হয়। এতে মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।কারাকাসের মেয়র ও চাভেজের ঘনিষ্ঠ সহচর হোর্হে রদ্রিগেজের কার্যালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, নববর্ষ উপলক্ষে কারাকাসের প্লাজা বলিভারে যে কনসার্টের আয়োজন করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে জনগণকে চাভেজের জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে। ফেডারেল ডিস্ট্রিক্ট গভর্নর জ্যাকুলিন ফারিয়াস বলেন, ‘সরকার ঐক্যবদ্ধ। আমরা সবাই চাভেজের জন্য প্রার্থনা করছি, যাতে তিনি দেশে ফিরে আসতে পারেন।’ গত ১৮ মাসে চার দফা অস্ত্রোপচারের পর চাভেজ সম্প্রতি শ্বসনযন্ত্রের সংক্রমণের শিকার হয়ে নতুন জটিলতায় পড়েছেন। তিনি বর্তমানে কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জানান, চাভেজের অবস্থা নাজুক। তিনি সতর্ক করে বলেন, ‘তাঁর শারীরিক জটিলতার জন্য এমন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, যা ঝুঁকিমুক্ত নয়।’চাভেজ ১৯৯৯ সালে ক্ষমতায় আসেন। গত অক্টোবরে চতুর্থ দফায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১০ জানুয়ারি তাঁর নতুন সরকারের শপথ গ্রহণের কথা। কিন্তু তিনি দেশে ফিরে না এলে শপথ অনুষ্ঠান পেছানো হবে কি না, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। বিবিসি।