চাভেজের শপথ অনুষ্ঠান পেছানো হতে পারে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আগামী ১০ জানুয়ারি শপথ অনুষ্ঠানে হাজির হতে না পারলে তারিখ পেছানো হবে। এ নিয়ে ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে গত সোমবার একটি চুক্তি হয়েছে।তবে প্রেসিডেন্ট চাভেজের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ক্যানসারের চিকিৎসায় চতুর্থ দফায়অস্ত্রোপচারের পর তিনি এখন হাঁটাহাঁটি ও ব্যায়াম শুরু করেছেন। ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জানান, নির্ধারিত সময়ে চাভেজ শপথ নিতে না পারলে নতুন করে শপথের সময়সূচি ঠিক করা হবে। সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি তাঁকে শপথ করাতে পারেন।রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো বলেন, তিনি চাভেজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রেসিডেন্টের সুস্থতার খবর দেশবাসীর জন্য ‘বড়দিনে সবচেয়ে বড় উপহার’।চাভেজ বর্তমানে কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে ১১ ডিসেম্বর তাঁর শরীরে চতুর্থ দফা অস্ত্রোপচার করা হয়। চাভেজের ক্যানসারের ধরন সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১১ সালে প্রথম তাঁর ক্যানসার ধরা পড়ে। উত্তরসূরি হিসেবে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাদুরোকে মনোনীত করেন। ১৯৯৯ সাল থেকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট চাভেজ গত অক্টোবরের নির্বাচনেও নতুন করে ছয় বছরের জন্য জয়ী হন। ১০ জানুয়ারি নতুন মেয়াদে তাঁর শপথ নেওয়ার কথা। এএফপি ও বিবিসি।