চাভেজের শপথ পেছালে আন্দোলনে যাবে বিরোধীরা
ভেনেজুয়েলার অসুস্থ প্রেসিডেন্ট হুগো চাভেজের নতুন মেয়াদে শপথ নিতে বিলম্ব হলে বিরোধী দল রাজপথে বিক্ষোভ করবে। বিরোধী দল জাস্টিস ফার্স্ট পার্টির নেতা হুলিও বোর্হেস গত রোববার এ ঘোষণা দিয়েছেন। ক্যানসারের চিকিৎসায় সর্বশেষ অস্ত্রোপচারের পর বিভিন্ন জটিলতায় আক্রান্ত চাভেজ বর্তমানে কিউবায় চিকিৎসাধীন। প্রেসিডেন্ট পদে নতুন মেয়াদে তাঁর আগামী বৃহস্পতিবার শপথ নেওয়ার কথা থাকলেও এ ব্যাপারে সংশয় রয়েছে। তাঁর অসুস্থতা সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত এখনো জানানো হয়নি। বোর্হেস বলেন, সংবিধান অনুযায়ী বৃহস্পতিবার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত না হলে আন্তর্জাতিক সংগঠন ও বিদেশি দূতাবাসে অভিযোগ জানানো হবে। সংবিধানের মর্যাদা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভের জন্য জনগণের প্রস্তুত থাকা উচিত। অসুস্থতা সত্ত্বেও চাভেজ গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন। তিনি আরও ছয় বছর দেশ শাসনের সুযোগ পাবেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত তাঁর শরীরে চার দফা অস্ত্রোপচার হয়েছে। সরকারি সূত্র জানায়, চাভেজ বর্তমানে ‘ফুসফুসে মারাত্মক সংক্রমণ’ ও ‘শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায়’ ভুগছেন। ৫৮ বছর বয়সী প্রেসিডেন্ট চাভেজ তাঁর উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ইতিমধ্যে মনোনীত করেছেন। মাদুরো ইতিমধ্যেই ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট পদে বহাল থাকতে চাভেজের নির্ধারিত তারিখেই শপথ নিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরে যেকোনো সময় সুপ্রিম কোর্টের মাধ্যমে তিনি শপথ নিতে পারবেন। চাভেজের অপর সহযোগী দিওসদাদো ক্যাবেল্লো ভেনেজুয়েলার পার্লামেন্টের স্পিকার পদে সম্প্রতি পুনর্নির্বাচিত হয়েছেন। অসুস্থতার কারণে চাভেজের অনুপস্থিতিতে তিনিই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এএফপি।