চাভেজের শপথ স্থগিতকে বৈধ বলেছেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শপথ গ্রহণ স্থগিত বৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা ছিল চাভেজের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়।চাভেজের শপথ গ্রহণ স্থগিত নিয়ে দেশটিতে বিতর্ক চলছিল। নির্দিষ্ট দিনে শপথ না নিলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে বলেও দাবি করেছিলেন চাভেজবিরোধীরা। সুপ্রিম কোর্টের রায়ে আপাতত সেই বিতর্কের অবসান হলো।সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, নতুন মেয়াদে শপথ গ্রহণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পেছানো হলেও তা বৈধ। হুগো চাভেজ শপথ নেওয়ার মতো সুস্থ না হওয়া পর্যন্ত বর্তমান প্রশাসনের দেশ পরিচালনা করতে পারবে। রায়ে বলা হয়, ‘চাভেজ পরে যেকোনো সময় সুপ্রিম কোর্টের সামনে শপথ নিতে পারবেন।’ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লুইজা এস্তেলা মোরালেস আদালতের রায় পড়ে শোনান। টেলিভিশনে দেওয়া বিবৃতিতে মোরালেস বলেন, সাত সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিতে এ রায় দিয়েছেন। এই প্যানেল শুধু সাংবিধানিক বিতর্কের বিষয় নিয়েই সিদ্ধান্ত দেন। আদালতের রায়ের পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘আজ ঐতিহাসিক একটি দিন। আজ থেকে প্রেসিডেন্ট হিসেবে হুগো চাভেজের নতুন মেয়াদ শুরু হলো।’ তিনি বলেন, এই রায় ভেনেজুয়েলার শান্তি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা বজায় রাখবে। নতুন মেয়াদে চাভেজ ২০১৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কথা। ১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন চাভেজ।চাভেজ গত অক্টোবরে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হেনরিক ক্যাপরিলেস। আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে হেনরিক বলেন, ‘আদালতের সিদ্ধান্ত মেনে নিতে হবে। তবে এই সিদ্ধান্তে দেশের অনিশ্চয়তা কিন্তু কাটেনি।’চাভেজের নতুন মেয়াদ শুরু উপলক্ষে ভেনেজুয়েলায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান নিরাপদ করতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।ক্যানসারে আক্রান্ত চাভেজের চতুর্থ দফায় অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা দেখা দিয়েছে। সর্বশেষ গত সোমবার রাতে ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেজাস জানান, হুগো চাভেজের অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রায় এক মাস আগে ওই অস্ত্রোপচারের পর তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাভেজ। এএফপি ও বিবিসি।