চাভেজের সঙ্গে সাক্ষাৎ করলেন ফিদেল কাস্ত্রো
ক্যানসারে আক্রান্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ও তাঁর ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। গতকাল শনিবার স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল ইউনিভিশনের এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আন্দ্রেস ইজারা এক টুইটার-বার্তায় বলেছেন, কিউবায় চিকিৎসাধীন চাভেজের হাসপাতালের কক্ষে অন্তত দুই ঘণ্টা কাটিয়েছেন ফিদেল কাস্ত্রো। কিউবার ওই হাসপাতালে গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে চাভেজের একটি টিউমার অপসারণ করা হয়েছে। এর আগে গত বছরের গ্রীষ্মে ক্যানসার কোষবাহী একটি টিউমার চাভেজের শরীর থেকে অপসারণ করা হয়। নতুন টিউমারটি চাভেজের শরীরের প্রায় একই অংশে ধরা পড়ে। চাভেজের চিকিৎসকদের বরাত দিয়ে গত জানুয়ারি মাসে স্প্যানিশ দৈনিক এবিসির এক খবরে বলা হয়েছে, আর মাত্র নয় থেকে ১২ মাস বাঁচবেন চাভেজ। তবে ভেনিজুয়েলার সরকার তাঁর স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।হুগো চাভেজ গত বছরের অক্টোবরে নিজেকে ক্যানসারমুক্ত বলে ঘোষণা দেন।ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা, বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও প্যারাগুয়ের নেতা ফারনান্দো লুগো ক্যানসারে আক্রান্ত। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।