চাভেজের সেরে ওঠা কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের ক্যানসার থেকে সেরে ওঠা খুবই ‘কঠিন’ হয়ে পড়েছে। গত বুধবার রাতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত নেতা নিকোলাস মাদুরো এই আশঙ্কার কথা জানিয়েছেন। গত মঙ্গলবার কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চতুর্থ দফায় চাভেজের শরীরে ক্যানসারের কোষবাহী টিস্যু অপসারণ করা হয়। ছয় ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর শল্যচিকিৎসকেরা দাবি করেন, চাভেজের অস্ত্রোপচার ‘পুরোপুরি সফল’ হয়েছে। চাভেজের উত্তরসূরি মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, চাভেজের অস্ত্রোপচার খুবই জটিল, দুরূহ ও সূক্ষ্ম ছিল। তার মানে অস্ত্রোপচার-পরবর্তী তাঁর পরিচর্যার প্রক্রিয়াটি আরও জটিল ও ঝুঁকিপূর্ণ। চাভেজ কবে নাগাদ দেশে ফিরবেন—এ বিষয়ে কোনো ইঙ্গিত না দিয়ে মাদুরো বলেন, ‘তিনি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন।’ একই দিন বেতার ও টেলিভিশনকে ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আরনেস্তো ভিলেগাস বলেন, অস্ত্রোপচারের পর চাভেজের অবস্থা স্থিতিশীল রয়েছে। এএফপি ও বিবিসি।