চাভেজের ‘চিঠি’ পড়ে শোনালেন মাদুরো
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত সোমবার সে দেশের চিকিৎসাধীন প্রেসিডেন্ট হুগো চাভেজের একটি ‘চিঠি’ পড়ে শুনিয়েছেন। ক্যারিবীয় ও লাতিন আমেরিকার দেশগুলোর আঞ্চলিক জোটের (সেলাক) একটি সম্মেলনে মাদুরো চিঠিটিকে চাভেজের বলে উল্লেখ করেন।প্রায় দুই মাস আগে কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসায় ভেনেজুয়েলার নেতা চাভেজের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। চিলিতে অনুষ্ঠিত ওই আঞ্চলিক সম্মেলনে মাদুরোর পাঠ করা চিঠির অক্ষরগুলো মুদ্রণ করা এবং এতে চাভেজের লাল কালির সই রয়েছে। চিঠিতে চাভেজ বলেছেন, ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বলে তিনি সম্মেলনে হাজির থাকতে পারেননি। এ জন্য তিনি দুঃখিত।এবারের সম্মেলনে আঞ্চলিক জোটটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। চাভেজের চিঠিতে বিষয়টি উল্লেখ করে উচ্ছ্বাসও প্রকাশ করা হয়েছে। মাদুরো প্রায় ১৫ মিনিট ধরে ওই চিঠি পড়ে শোনান। সাবলীল ভাষায় লেখা ওই চিঠিতে বিভিন্ন উদ্ধৃতির ব্যবহার রয়েছে। বিবিসি।