চার আসনে ভোট ৮০ শতাংশ ছাড়িয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি আসনে ভোট ছিল গতকাল। উত্তর জম্মুর দোদা জেলার কয়েকজন বাসিন্দা ওই দিন তারের সঙ্গে বাঁধা ট্রলিতে চেনাব নদী পার হয়ে ভোট দিতে যান । ছবি: রয়টার্স
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি আসনে ভোট ছিল গতকাল। উত্তর জম্মুর দোদা জেলার কয়েকজন বাসিন্দা ওই দিন তারের সঙ্গে বাঁধা ট্রলিতে চেনাব নদী পার হয়ে ভোট দিতে যান । ছবি: রয়টার্স

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম পর্বে চার আসনে ভোটের হার ৮০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই এই চার আসনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।
চার আসনের মধ্যে জমজমাট লড়াই হচ্ছে দার্জিলিং ও কোচবিহারে। দার্জিলিংয়ের বেশ কিছু এলাকায় বিজেপির সমর্থনে গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেন উত্তরবঙ্গের উন্নয়নবিষয়ক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দেব। আবার কোচবিহারের বেশ কয়েকটি কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
কালিম্পংয়ের বিধায়ক এবং মোর্চার মুখপাত্র হরকাবাহাদুর ছেত্রী স্বীকার করেন, পাহাড়ে লড়াইটা তীব্র হচ্ছে। তাই তাঁদের প্রার্থীর (বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া) জয়ের ব্যবধান কমবে।
অন্যদিকে গৌতমের দাবি, পাহাড়কে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে গোর্খাল্যান্ড রাজ্য গঠনের বিরোধিতায় সমতলের ব্যাপক মানুষের সমর্থন পাচ্ছে তূণমূল।
বিজেপির প্রার্থী সুরিন্দর সিং অবশ্য মনে করেন, শুধু পাহাড়ে নয়, বিজেপির উন্নয়নের ডাকে সমতলের তরুণ প্রজন্মের মধ্যেও সাড়া মিলছে।
দার্জিলিংয়ের মতো না হলেও কোচবিহারেও জোর লড়াই হচ্ছে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল প্রার্থীর মধ্যে। পাশেই জলপাইগুড়ি জেলার দুটি আসন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বামপন্থীরা নিজেদের পুরোনো শক্তি ধরে রাখলেও কোচবিহারে দুই প্রধান শরিক সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে কোন্দল দীর্ঘদিনের। এখানে ফরওয়ার্ড ব্লকের অনেক কর্মীই দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের শক্তিতে বলীয়ান তৃণমূল তাই প্রথমবার কোচবিহার আসন জেতার জন্য ঝাঁপিয়েছে। দিনভর কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে সংঘর্ষের যেসব খবর পাওয়া গেছে, তাতে এখানে বামপন্থীরা কিছুটা চাপে পড়ার ইঙ্গিত মিলছে।
ভোটের সঙ্গে বাড়ছে কথার তোপ: ভোটের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারে এখন রাজনৈতিক বক্তব্যের চেয়ে ব্যক্তিগত আক্রমণ বাড়ছে। কয়েক দিন আগে আসানসোলে বিজেপির প্রার্থী বলিউডের গায়ক বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তৃণমূল অভিযোগ আনে, তিনি মাতাল প্রচারে বেরিয়েছিলেন। এমনকি মাতাল অবস্থায় তিনি স্থানীয় একটি মন্দিরে ঢুকেছেন। বিষয়টি আসানসোল ফলাও করে প্রচারের পাশাপাশি পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে তৃণমূল অভিযোগ দেয়। গোড়া থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন বাবুল সুপ্রিয়। শেষে পুলিশের প্রতিবেদনেও দেখা গেছে, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন।
অভিযোগে মুখর আরেক গায়ক ও বহরমপুরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনও। তবে তাঁর অভিযোগের তিরটা দলের কর্মীদের দিকেই। ইন্দ্রনীলের বক্তব্য, তৃণমূলের কর্মীরা শুধু অযোগ্যই নন, তাঁরা তাঁর নির্বাচনী প্রচারে ক্ষতি করছেন।
শ্রীরামপুরে বিজেপির আরেক বলিউড তারকাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে তৃণমূলের। প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পী লাহিড়ী এলাকায় ঘোরাঘুরির সময় কথা বলছেন কম, গান গাইছেন বেশি। গলার একগুচ্ছ সোনার হার, হাতে অগুনতি দামি আংটি আর আলখাল্লা পরিহিত বাপ্পী যেখানেই যাচ্ছেন, প্রচণ্ড ভিড় হচ্ছে। এসব দেখে জেলায় তৃণমূলের শীর্ষ নেতা ও বিধায়ক তপন দাশগুপ্ত পাল্টা ব্যবস্থা হিসেবে মুম্বাই থেকে অলকা ইয়াগনিক ও অভিজিৎকে আনার চেষ্টা করছেন।