চার ঘন্টার বেশি টিভি দেখলে মৃত্যুর ঝুঁকি বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন চার ঘণ্টার বেশি সময় ধরে যারা টেলিভিশন দেখে, তাদের তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকি যারা কম দেখে তাদের চেয়ে অনেক বেশি। অস্ট্রেলীয় এক গবেষণায় গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়েছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক প্রকাশনায় গবেষণাটি প্রকাশিত হয়েছে। খবর এএফপির। অস্ট্রেলিয়ার মেলবোর্নের বেকার আইডিআই হার্ট অ্যান্ড ডায়াবেটিক ইনস্টিটিউটের গবেষক ডেভিড ডানস্টান বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রতিদিন দুই ঘণ্টার কম টেলিভিশন দেখেন এমন ব্যক্তিদের চেয়ে যারা চার ঘণ্টার বেশি সময় টেলিভিশন দেখেন তাদের মৃত্যুর ঝুঁকি ৪৬ শতাংশ বেশি। তাদের ক্ষেত্রে হূদরোগের ঝুঁকি ৮০ শতাংশ বেড়ে যায়।ডানস্টান আরও জানান, দীর্ঘ সময় বসে থাকায় শরীরে মাংসপেশির চলাচল এবং শর্করা ও চর্বি প্রক্রিয়াজাত বন্ধ হয়ে যায়। গবেষকেরা ছয় বছর ধরে বয়স, লিঙ্গ, ওজন, ধূমপানসহ বিভিন্ন অভ্যাসের ভিত্তিতে আট হাজার ৮০০ অস্ট্রেলীয়র ওপর এ গবেষণা চালান। ডানস্টান জানান, অস্ট্রেলীয়রা প্রতিদিন গড়ে তিন ঘণ্টা করে টেলিভিশন দেখে। গবেষণায় দেখা যায়, নিয়মিত শারীরিক অনুশীলন করার পরও দীর্ঘ সময় ধরে বসে টেলিভিশন দেখলে শরীরের ক্ষতি হতে পারে।