চার তারকা জেনারেল হিসেবেই অবসরে যাবেন স্ট্যানলি ম্যাকক্রিস্টাল
আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাবেক শীর্ষ কমান্ডার স্ট্যানলি ম্যাকক্রিস্টাল চার তারকাবিশিষ্ট জেনারেলের সম্মান নিয়েই সেনাবাহিনী থেকে অবসরে যাবেন। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র রবার্ট গিবস এ তথ্য জানান। গত বছর প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান হিসেবে ম্যাকক্রিস্টালকে নিয়োগ দিয়ে তাঁকে চার তারকার জেনারেল হিসেবে পদোন্নতি দেন, কিন্তু এই পদমর্যাদার জেনারেল হিসেবে প্রয়োজনীয় সময় দায়িত্ব পালনের আগেই তাঁকে বরখাস্ত করা হয়। তবে হোয়াইট হাউস গত মঙ্গলবার জানায়, প্রেসিডেন্ট ওবামা চার তারকার জেনারেল হিসেবে ম্যাকক্রিস্টালের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।সম্প্রতি এক নিবন্ধে প্রেসিডেন্ট ওবামা ও মার্কিন প্রশাসনকে উপহাস করার দায়ে ম্যাকক্রিস্টালকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডারের পদ থেকে বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার অবসরের সিদ্ধান্তের কথা জানান স্ট্যানলি। প্রেসিডেন্ট ওবামার মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘দেশের জন্য যাঁরা কাজ করছেন, তাঁদের সম্মান নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করি। ম্যাকক্রিস্টালও সেই সম্মান পাচ্ছেন।’ এএফপি।