চার তারকার ভাগ্য পরীক্ষা কাল

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার নির্বাচন আগামীকাল বুধবার। কাল অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় দফার নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারিত হবে রাজ্যের চার বিনোদন তারকার।
এই তারকারা হলেন, সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী, চিত্রতারকা শতাব্দী রায়, অভিনেতা জর্জ বেকার ও জয় ব্যানার্জি।
কাল রাজ্যের নয়টি আসনে ভোট গ্রহণ হবে। আসনগুলো হলো হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বীরভূম, বোলপুর, বর্ধমান (পূর্ব) ও বর্ধমান-দুর্গাপুর।

নির্বাচনে বাপ্পী লাহিড়ী লড়ছেন হুগলির শ্রীরামপুর আসনে বিজেপির টিকিটে। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কল্যাণ ব্যানার্জি, কংগ্রেসের আবদুল মান্নান ও বামফ্রন্টের তীর্থঙ্কর রায়। শতাব্দী লড়ছেন বীরভূম আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় ব্যানার্জি ও বামফ্রন্টের কামরে এলাহি। জয় ব্যানার্জিও একজন নামী অভিনেতা।
অভিনেতা জর্জ বেকার লড়ছেন হাওড়া আসনে বিজেপির টিকিটে। এখানে তাঁর সঙ্গে কঠিন লড়াই হবে বামফ্রন্টের শ্রীদীপ ভট্টাচার্য ও তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।

এ ছাড়াও এ দিন আরও ভাগ্য নির্ধারিত হবে উলবেড়িয়া আসনে তৃণমূলের প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ, বোলপুরে বামফ্রন্টের প্রার্থী ও বর্তমান সাংসদ রামচন্দ্র ডোম ও তৃণমূলের প্রার্থী অধ্যাপক অনুপম হাজরার। হুগলিতে ভাগ্য পরীক্ষা হবে তৃণমূলের বর্তমান সাংসদ রত্না দে নাগ, বামফ্রন্টের প্রদীপ সাহা এবং বিজেপির চন্দন মিত্রর।

এর আগে গত ১৭ এপ্রিল প্রথম দফায় চারটি ও ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় ছয়টি আসনে ভোট নেওয়া হয়। প্রার্থী আছেন ৮৭ জন। এর মধ্যে নারী প্রার্থী ১৩ জন। পশ্চিমবঙ্গে আছে লোকসভার ৪২টি আসন।
পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয় বাম ও কংগ্রেসের ভোটব্যাংকগুলোতে এবং দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয় কংগ্রেসের ভোট ব্যাংকে। এবার অনুষ্ঠিত হবে মূলত বাম ও তৃণমূলের ঘাঁটিগুলোতে।