চার দিন আটকে রাখার মূল্য
যুক্তরাষ্ট্রে কোনো রকম খোঁজখবর না নিয়ে কারাগারের একটি বদ্ধ কক্ষে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে সাড়ে চার দিন আটকে রাখা হয়েছিল। ঘটনা প্রকাশ পাওয়ার পর তাঁকে ৪১ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে সরকার। ছাত্রটির আইনজীবী এ খবর জানিয়েছেন।সান ডিয়াগো শহরের ওই ছাত্রের নাম ড্যানিয়েল চং (২৫)। কারাগারের নির্জন কক্ষ থেকে উদ্ধার পাওয়ার পর ড্যানিয়েল জানান, জীবন বাঁচাতে ওই কয়েক দিন তিনি নিজের মূত্র পান করেন। একপর্যায়ে বেঁচে থাকার আশা না দেখলে তিনি মায়ের উদ্দেশে হাতের ত্বকে খোদাই করে শেষ চিঠি লেখারও চেষ্টা করেন। ২০১২ সালের এপ্রিলে এক মাদকবিরোধী অভিযানে চং আটক হয়েছিলেন। তবে আটকের পর চংকে বলা হয়েছিল, তাঁকে অভিযুক্ত করা হবে না এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে। কিন্তু এ কথা বলার পর তাঁর কারাকক্ষে আর কেউই আসেননি।সান ডিয়াগোয় অবস্থিত মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ডিইএ) সদর দপ্তরের ১০ ফুট উঁচু ও পাঁচ ফুট চওড়া ওই কারাকক্ষে কোনো জানালা ছিল না। চংকে নিয়ে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, মার্কিন বিচার বিভাগের পরিদর্শক তা তদন্ত করে দেখছেন।চং বলেন, আটক অবস্থায় তিনি দরজার নিচ দিয়ে জুতার ফিতা বাইরে বের করেন এবং চিৎকার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে পাঁচ-ছয়জন লোক তাঁকে কক্ষটিতে নির্জীব ও নিজের মলমূত্র মাখা অবস্থায় আবিষ্কার করেন। উদ্ধারের পর তাঁকে পানিশূন্যতা ও কিডনি সমস্যাসহ বিভিন্ন অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।বার্তা সংস্থা এপি জানিয়েছে, ডিইএর মুখপাত্র চংকে ৪১ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটমাটের কথা নিশ্চিত করেছেন। এ ছাড়া ডিইএর প্রধান গত মে মাসে প্রকাশ্যে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনাও করেন। বিবিসি।