চার দিনেই হারিয়ে গেল তিন শ বছরের নদী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কানাডায় মাত্র চার দিনে ‘হারিয়ে গেছে’ স্লিমস নামের বড়সড় একটি নদী। এ চমকপ্রদ ঘটনা ঘটেছে গত বছরের মে মাসে। নদীটির সর্বোচ্চ বিস্তৃতি ছিল প্রায় ৪৫০ ফুট। একটি হিমবাহ থেকে আসা পানি ওই নদীতে প্রবাহিত হতো। গবেষকেরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে হিমবাহটি বেশি হারে গলতে থাকায় পানির প্রবাহ ওই অঞ্চলের অন্য এক নদীতে চলে গেছে। আর শুকিয়ে খটখটে হয়ে গেছে স্লিমস।

তিন শ বছর ধরেই কানাডার ইউকন অঞ্চলের কাসকাউলস হিমবাহ থেকে আসা বরফগলা পানি বয়ে নিয়ে উত্তরের ক্লুয়ানি নদীতে ফেলে আসছে স্লিমস। ক্লুয়ানি থেকে পানি ইউকন নদী হয়ে বেরিং সাগরে পড়ত। কিন্তু ২০১৬ সালের বসন্তে হিমবাহটির গলে যাওয়ার হার বেড়ে যাওয়ায় সব পানি এখন আলসেক নামের অন্য একটি নদী দিয়ে চলে যাচ্ছে আলাস্কা উপসাগরে। এটি পানির প্রবাহের আগের গতিপথের পুরো বিপরীত দিক।

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক জেমস বেস্ট বলেন, ‘আমরা স্লিমস নদীর কাছে সমীক্ষা চালাতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে পাই শুকনো, খটখটে একটি নদীখাত, যাতে পানির চিহ্ন নেই। আগে সেখানে নৌকা দিয়ে যেতে হতো। আর এখন আছে ধুলার আস্তর। ভৌগোলিক বিবেচনায় এটি খুবই নাটকীয় এক পরিবর্তন।’

পরে গবেষকেরা এর কারণ জানতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে হিমবাহ এলাকা ঘুরে দেখেন। দেখা যায়, হিমবাহটির গলা পানি দুটি নদীর বদলে শুধু আলসেক নদীতে যাচ্ছে। আর স্লিমসে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পুরো ঘটনাটি ঘটেছে গত বছরের ২৬ থেকে ২৯ মে—এই চার দিনে।

হিমবাহের সব পানি আলসেক নদীতে চলে যাওয়ায় এখন সেটিতে পানির প্রবাহ স্লিমস নদীর চেয়ে ৬০ থেকে ৭০ গুণ বেশি। এ ব্যাপারে একটি পরিসংখ্যানগত বিশ্লেষণ নেচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রটির মূল লেখক ও ওয়াশিংটন টাকোমা বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী ড্যান শুগার বলেন, এ ঘটনা ‘নদীদস্যুতা’। তিনি বলেন, ‘ভূতাত্ত্বিকেরা সুদূর অতীতে এ ধরনের ঘটনার নজির চিহ্নিত করেছেন। হাজার হাজার বা লাখ লাখ বছর আগে এমন ঘটনা দেখা যায়। তবে আমাদের জীবদ্দশায়, একবিংশ শতাব্দীতে এমন ঘটনা দেখা যায়নি।’

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক লনি টম্পসন বলেন, এ ঘটনায় ক্রমাগত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে আকস্মিক ও প্রচণ্ড পরিবেশগত প্রভাবের বিষয়টিই উঠে এসেছে। বিশ্বজুড়ে হিমবাহ গলার হার বেড়ে যাওয়ায় নদীদস্যুতার ঘটনা আরও দেখা যাবে। বিশেষ করে হিমালয় ও পেরুর আন্দিজ পর্বতমালায় তা হতে পারে।