যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। তবে শেষ দিনে স্বামী প্রিন্স ফিলিপকে পাশে পাননি রানি। গত সোমবার অনুষ্ঠান চলাকালে অসুস্থ প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেওয়া হয়। রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার থেকে চার দিনব্যাপী এ বর্ণাঢ্য উৎসব শুরু হয়। গত সোমবার বাকিংহাম প্যালেসের সামনে আয়োজিত সংগীতানুষ্ঠান স্বামী ফিলিপকে সঙ্গে নিয়ে উপভোগ করছিলেন রানি। একপর্যায়ে ৯০ বছর বয়স্ক ফিলিপকে লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আগে থেকেই মূত্রথলির সংক্রমণে ভুগছিলেন।বাকিংহাম প্যালেস সূত্র জানায়, ঝুঁকি এড়াতে ‘পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ফিলিপকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কয়েক দিন তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন। এর ফলে গতকাল হীরকজয়ন্তী উৎসবের শেষ দিনের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।উৎসবের শেষ দিনে গতকাল সকাল থেকেই লন্ডনের সেন্ট পল ক্যাথেড্রাল ও বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হতে থাকে জনতা। গ্রিনিচমান সময় সকাল ১০টা ১৫ মিনিটে সেন্ট পলস ক্যাথেড্রালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে নিয়ে রানি তাঁর সম্মানে দেওয়া একটি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় প্রিন্স ফিলিপের পরিবর্তে রানির পাশে বসেছিলেন ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস ও তাঁ স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। সেখানে রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট রাজনীতিকদের সামনে পবিত্র বাইবেল থেকে ধর্মীয় বাণী পাঠ করেন বিশ্বের প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টানদের (অ্যাংলিকান) নেতা ক্যান্টারবারির আর্চ বিশপ রোয়ান উইলিয়ামস। এ সময় রানির প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন দেশের নেতা ও কূটনীতিকদের একটি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অনুষ্ঠানে দুই হাজারেরও বেশি অতিথি জড়ো হন। পরে জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কুইন’ পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।সেন্ট পলস ক্যাথেড্রালের অনুষ্ঠান শেষে রানি লন্ডন মেয়রের দাপ্তরিক বাস ভবন ম্যানসন হাউসে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। গিল্ড হলে একই ধরনের একটি অনুষ্ঠানে সমবেত হন প্রিন্স চার্লস ও ক্যামিলা।ব্রিটিশ পার্লামেন্টের ঐতিহ্যবাহী ওয়েস্ট মিনস্টার হলে রাজপরিবারের সদস্যরা গতকাল মধ্যাহ্নভোজে যোগ দেন। এরপর হোয়াইট হলের ভেতরে একটি শোভাযাত্রায় অংশ নেন তাঁরা। অতিথিদের রাতের খাবার হিসেবে ছিল সামুদ্রিক স্যামন মাছ ও অ্যাসপ্যারাগাসসহ নানা রাজকীয় পদ। এরপর ঘোড়ার গাড়িতে চড়ে রানি বাকিংহাম প্যালেসগামী একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেন। প্রিন্স চার্লস, তাঁর দুই ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট মিডলটনও রাজকীয় ঘোড়ার গাড়িতে বসে এই শোভাযাত্রায় যোগ দেন। বাকিংহাম প্যালেসে পৌঁছানোর পর গার্ড অব অনার দেওয়া হয়। এরপর রাজপরিবারের সদস্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান ও ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর ‘রেড অ্যারো’ বিমানের একটি শোভাযাত্রা দেখতে প্যালেসের বারান্দায় সমবেত হন। এর মধ্য দিয়ে শেষ হয় চার দিনের জাঁকালো হীরকজয়ন্তী উৎসব।এদিকে গতকাল বাকিংহাম প্যালেসের সামনে সংগীতানুষ্ঠানের আগে রানির একটি বার্তা ধারণ করা হয়। দুই মিনিটের ওই বার্তাটি গতকাল গ্রিনিচমান সময় বিকেল পাঁচটায় যুক্তরাজ্যের পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোর গণমাধ্যমে প্রচার করা হয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।