চার দেশে সিরিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কার, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস প্রদেশে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠেছে। ওই হত্যাযজ্ঞের প্রতিবাদে সিরীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি ও জার্মানি। এ ছাড়া যুক্তরাষ্ট্র সে দেশে নিযুক্ত সিরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ৭২ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাজ্য, স্পেন, কানাডা, নেদারল্যান্ড ও সুইজারল্যান্ড তাদের দেশে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন জাতিসংঘের শান্তিদূত কফি আনান। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বর্তমানে তাঁর ছয় সপ্তাহের পুরোনো শান্তি পরিকল্পনা, যেটিতে জাতিসংঘ ও আরব লিগের সমর্থন রয়েছে, রক্ষায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও আসাদবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া রক্তপাত কমিয়ে আনতে খুব সামান্যই ভূমিকা রেখেছে ওই পরিকল্পনা।সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ‘গভীর ও খোলামেলা আলোচনা’ করতে গত সোমবার দামেস্কে পৌঁছান কফি আনান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দামেস্কে সে সময় কফি আনানকে স্বাগত জানান আসাদ। আর গতকাল আনান ও আসাদ এক বৈঠকে মিলিত হন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আনান প্রেসিডেন্টের বাসভবন থেকে বেরিয়ে যান। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ১৪ মাস আগে প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলন শুরুর পর সংঘটিত বড় হত্যাকাণ্ডগুলোর মধ্যে হুলা শহরের ওই হত্যাযজ্ঞ অন্যতম। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কোলভিল গতকাল বলেছেন, হুলা শহরে নৃশংস হত্যাযজ্ঞের শিকার ১০৮ জনের মধ্যে ২০ জনের মতো কামান ও ট্যাংকের গোলার আঘাতে প্রাণ হারায়। বাকিদের হত্যা করে আসাদপন্থী সাবিহা মিলিশিয়া বাহিনী। ওই হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জাতিসংঘের তদন্তকারীদের কাছে এসব কথা বলেছেন। ওই মুখপাত্র বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হুলার কাছে তালদু এলাকায় গোলার আঘাতে প্রাণ হারায় ২০ জনের মতো। আর পৃথক দুটি ঘটনায় বাকিদের হত্যা করা হয়।এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ হুলা শহরের হত্যাযজ্ঞের ঘটনার জের ধরে গতকাল সিরীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, আগামী জুলাই মাসে প্যারিস ফ্রেন্ডস অব সিরিয়ার বৈঠকের আয়োজন করবে। যুক্তরাজ্যের সরকারি একটি সূত্র জানায়, সিরীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বহিষ্কার করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে খুব শিগগির বিস্তারিত ঘোষণা দেবেন। সিরিয়ার শীর্ষ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার। জার্মানিও সিরীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ওয়াশিংটনে নিযুক্ত সিরীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, হুলায় নিরপরাধ মানুষজনকে হত্যার জন্য সিরীয় সরকার দায়ী।সংঘর্ষে নিহত ৩৯: সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্ত এলাকার আলেপ্পো প্রদেশের আতারেব শহরে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিদ্রোহীরা ২০ সেনাকে হত্যা করেছে। সেখানে ছয়জন বেসামরিক লোক এবং ছয় বিদ্রোহী নিহত হয়েছে। এ ছাড়া হোমস প্রদেশে সাত বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। আসাদকে হত্যায় পুরস্কার ঘোষণা: প্রেসিডেন্ট আসাদকে হত্যার জন্য সাড়ে চার লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছেন সৌদি আরবের শিক্ষাবিদ আলী আল রাবেইয়ি। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘নারী ও শিশু হত্যা করে পুরো বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী বাশার আল-আসাদকে যেই হত্যা করুক তার জন্য আমরা সাড়ে চার লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করছি।’ গালফ নিউজ-এর খবরে বলা হয়, একটি মসজিদে সিরীয় নিহত শিশুরা সারি সারি পড়ে রয়েছে এমন দৃশ্যসংবলিত ভিডিও প্রকাশের পর রাবেইয়ি ওই পুরস্কারের ঘোষণা দেন। সম্প্রতি হোমসের হুলা শহরে হত্যাযজ্ঞের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৪৯টিই ছিল শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এএফপি, রয়টার্স ও বিবিসি।