চার দেয়ালের ঘেরাটোপ থেকে পার্লামেন্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের বড় একটা সময় চার দেয়ালের মধ্যেই কেটেছে তাঁর। গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন।সেই গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এখন মুক্ত। নিরন্তর চষে বেড়াচ্ছেন রাজনীতির ময়দান। নোবেল জয়ী এই নেত্রীর জন্য এটা বিশাল এক প্রত্যাবর্তন। ১৯৮০-এর দশকে অনেকটা দুর্ঘটনাক্রমে মিয়ানমারের রাজনীতিতে তাঁর আগমন হয়েছিল। শেষ ২২ বছরের বেশির ভাগ সময়ই কেটেছে গৃহবন্দী অবস্থায়। ২০১০ সালের নভেম্বরে মুক্তি পান সু চি। মনে করা হচ্ছে, নির্বাচনে সু চির জয়ী হওয়াটা প্রায় নিশ্চিত। সেটা হলে এবারই প্রথমবারের মতো তিনি পার্লামেন্টের সদস্য হতে যাচ্ছেন। ইতিমধ্যেতিনি নির্বাচনে জয়ীহওয়ার দাবি করেছেন।এর মধ্য দিয়ে তিনি দেশের সংবিধান গঠনেও ভূমিকা রাখতে পারবেন। খবর ছড়িয়েছে, সরকারে সু চিকে একটা গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব দেওয়া হতে পারে। তবে সু চি নিজে কোনো মন্ত্রীর দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের মেয়ে সু চি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বিয়ে করেছেন ব্রিটিশ শিক্ষাবিদ মাইকেল অ্যারিসকে।১৯৮৮ সালে মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরলে সামরিক জান্তার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত তিন হাজার লোকের প্রাণহানি ঘটে। এরপর সামরিক জান্তা ১৯৮৯ সালে সু চিকে গৃহবন্দী করে। প্রায় দুই দশক গৃহবন্দিত্বে কেটেছে তাঁর। তিনি গৃহবন্দী থাকাকালে ১৯৯০ সালের নির্বাচনে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়। কিন্তু তাদের হাতে ক্ষমতা তুলে দেয়নি জান্তা সরকার। এএফপি।