চার বছর পর রাফা সীমান্ত খুলে দিয়েছে মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর পর গতকাল শনিবার গাজার সঙ্গে রাফা সীমান্ত আবার খুলে দিয়েছে মিসর। এখন থেকে শুক্রবার ও ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে আট ঘণ্টার জন্য এ সীমান্ত দিয়ে ফিলিস্তিনি নারী, শিশু ও চল্লিশোর্ধ্ব পুরুষেরা অবাধে মিসরে ঢোকার সুযোগ পাবেন। তবে ১৮ থেকে ৪০ বছরের পুরুষদের সীমান্ত পার হতে এখনো অনুমতি নিতে হবে। বাণিজ্যও বন্ধ থাকবে।২০০৬ সালে ইসরায়েলি সেনা গিলাত শালিতকে গাজার বিদ্রোহীরা আটক করার পর গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে ইসরায়েল। এর এক বছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই অবরোধ আরও জোরদার করা হয়। এ সময় মিসর ও গাজার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। তবে জাতিসংঘ ইসরায়েলের ওই অবরোধকে অবৈধ উল্লেখ করে একাধিকবার তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় তিন মাস পর সে দেশের কর্তৃপক্ষ রাফা সীমান্ত স্থায়ীভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল আল-আরাবি ঘোষণা দেন, রাফা সীমান্ত স্থায়ীভাবে খুলে দেওয়া হবে।গতকাল সকালে রোগী বহনকারী দুটি অ্যাম্বুলেন্স ও একটি যাত্রীবাহী বাস ফিলিস্তিনিদের নিয়ে রাফা সীমান্তপথে মিসরে প্রবেশ করে। এর আগে প্রতিদিন মাত্র ৩০০ ফিলিস্তিনিকে এ সীমান্ত দিয়ে মিসরে প্রবেশের অনুমতি দেওয়া হতো। মিসরে আসার সুযোগ পাওয়া গাজার এক বাসিন্দা আলী নাহাল্লাহ বলেন, ‘গাজা থেকে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের এটাই একমাত্র পথ। এ সীমান্ত খুলে দেওয়ায় মিসরের কর্তৃপক্ষকে স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, ‘এত দিন মনে হতো আমরা গাজা ভূখণ্ড নামের একটা বড় কারাগারে বন্দী। এখন কিছুটা স্বস্তিবোধ করছি।’গাজার অপর এক বাসিন্দা সামাহ আল-রোয়াগ বলেন, ‘আজকের দিনটির জন্য আমি কয়েক বছর ধরে অপেক্ষা করেছি। মিসরের কর্তৃপক্ষ আমাকে তুরস্ক পর্যন্ত ভ্রমণ করার সুযোগ দেওয়ায় আমি আনন্দিত। এর আগে আমি দুবার মিসর যাওয়ার চেষ্টা করেছি। তবে দুবারই ব্যর্থ হয়ে ফিরে এসেছি।’মিসরের এক কর্মকর্তা জানান, ‘রাফা সীমান্ত দিয়ে ফিলিস্তিনিদের যাতায়াতের প্রক্রিয়া সহজ করার জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব। আমাদের আশা, শিগগিরই এ প্রক্রিয়া আরও সহজ হবে।’এদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), হামাস ও ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য প্রচারণাকারী ইসরায়েলি এনজিও গিশা রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েল এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে, এতে গাজায় অস্ত্রের সরবরাহ বৃদ্ধি পাবে। মিসর জানিয়েছে, সীমান্তে তল্লাশির মাধ্যমে অস্ত্র চোরাচালান প্রতিরোধ করা হবে। বিবিসি ও পিটিআই অনলাইন।