চার বছরের সংগ্রাম, অবশেষে বাড়িতে শৌচাগার

শুধু একটি শৌচাগারের জন্য চার বছরের সংগ্রাম। অবশেষে নির্মিত হলো সেই শৌচাগারটি। প্রায় অসম্ভবকে সম্ভব করলেন ভারতের বিহার রাজ্যের প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা পার্বতী দেবী।
বিহারের রাজধানী পাটনা থেকে ৪০ কিলোমিটার দূরের এক গ্রামে পার্বতীর শ্বশুরবাড়ি। বিয়ের পরই পার্বতী তাঁর স্বামী ও শ্বশুরের কাছে বাড়িতে শৌচাগার নির্মাণের দাবি করেন। একে কেন্দ্র করে ২০১২ সালের একপর্যায়ে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান। পরে এ সমস্যা সমাধানে এগিয়ে আসে বেসরকারি সংস্থা (এনজিও) সুলভ ইন্টারন্যাশনাল। তারা ওই বাড়িতে একটি শৌচাগার নির্মাণের খরচ দেয়। সেই অর্থে নির্মিত হয় শৌচাগারটি।
পার্বতী এ প্রসঙ্গে এনডিটিভিকে বলেন, ‘গ্রামের নারীরা খোলা জায়গায় প্রাকৃতিক কর্ম করতে অভ্যস্ত হলেও, আমি পারি না। শৌচাগার নির্মাণের জন্য স্বামী ও শ্বশুরের সঙ্গে বিতণ্ডা করার সাহস আমার ছিল। আমার মনে হয়, অন্য নারীরাও আমাকে দেখে উত্সাহিত হতে পারেন।’
পার্বতীর স্বামী এ বিষয়ে এনডিটিভির সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। তাঁর শ্বশুর বলেছেন, বাড়িতে শৌচাগার নির্মাণ করার সামর্থ্য তাঁদের ছিল না।
বাড়িতে শৌচাগার না থাকা ভারতের গ্রামগুলোতে এক ভয়ানক সমস্যা। সম্প্রতি উত্তর প্রদেশে দুই বোনকে ধর্ষণের পর হত্যার ঘটনা বিষয়টিকে আবারও সামনে এনেছে। ওই রাতে দুই বোন প্রাকৃতিক কর্ম সারতে ঘরে বাইরে গেলে তাঁদের অপহরণ করা হয়।
ভারতে সম্প্রতি জরিপে দেখা যায়, ঝাড়খণ্ড রাজ্যে ৯২ শতাংশ, বিহারে ৮২ শতাংশ এবং উত্তর প্রদেশের ৭৮ শতাংশ গ্রামের বাড়িতে কোনো শৌচাগার নেই। অন্য রাজ্যগুলোর অবস্থাও প্রায় একই। ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ৮৫ শতাংশের বেশি গ্রামের বাড়িতে কোনো শৌচাগার নেই।
এ প্রসঙ্গে সুলভ ইন্টারন্যাশনালের প্রধান আই সি কুমার জানান, ‘শৌচাগারের মতো মৌলিক সুবিধা না থাকা নারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। শৌচাগার নির্মাণকে সরকারি কাজ হিসেবে না দেখে একে একটি আন্দোলন হিসেবে নেওয়া উচিত।’
ভারতে ‘নির্মল ভারত অভিযান’ নামে সরকারি একটি পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণের জন্য ১০ হাজার রুপি করে দেওয়া হয়। ভুক্তভোগীরা বলেছেন, এই অর্থ শৌচাগার নির্মাণের জন্য পর্যাপ্ত নয়। অনেক সময় এই অর্থ তাঁদের হাতে পৌঁছায়ও না।