চার ভাগের এক ভাগ এলাকা হারিয়েছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা আইএইচএস বলেছে, ইসলামিক স্টেট (আইএস) একসময় তাদের নিয়ন্ত্রণে থাকা এক-চতুর্থাংশের বেশি এলাকা হারিয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে তাদের নিয়ন্ত্রিত যতটুকু এলাকা ছিল, তা ২৮ শতাংশ কমে এসেছে। তবে এখনো জঙ্গি সংগঠনটির হাতে যতটুকু এলাকার নিয়ন্ত্রণ আছে, তা-ও তাদের কর্তৃত্ব ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে।
বিশ্লেষক আইএইচএসের নতুন উপাত্ত অনুযায়ী, এ বছরের প্রথম নয় মাসে আইএসের দখলে থাকা এলাকা ৭৮ হাজার বর্গকিলোমিটার থেকে কমে ৬৫ হাজার ৫০০ বর্গকিলোমিটারে এসে দাঁড়িয়েছে। এ ভূখণ্ড প্রায় শ্রীলঙ্কার আয়তনের (৬৫ হাজার ৬১০ বর্গকিলোমিটার) সমান।
তবে নতুন হিসাব অনুযায়ী, গত তিন মাসে আইএসের ভূখণ্ড হারানোর পরিমাণ কমে এসেছে। জুলাই মাস থেকে মাত্র ২ হাজার ৮০০ কিলোমিটার হারিয়েছে তারা। আইএইচএস বলছে, রাশিয়া আইএস লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা কমিয়ে দেওয়ার পর থেকেই এই ধীরগতি লক্ষ করা যাচ্ছে।
চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে রুশ বিমান হামলার ২৬ শতাংশ ছিল আইএসের বিরুদ্ধে। বছরের মাঝামাঝিতে রুশ বাহিনী তা ১৭ শতাংশে নামিয়ে আনে।
আইএইচএসের প্রধান রাশিয়া বিশ্লেষক অ্যালেক্স কোকচারভ বিবিসিকে বলেন, ‘গত সেপ্টেম্বরে পুতিন বলেছিলেন, “রাশিয়ার হামলার মূল লক্ষ্য আন্তর্জাতিক সন্ত্রাসীরা, বিশেষত আইএস জঙ্গিরা।” কিন্তু আমাদের উপাত্ত পুতিনের ওই কথার বিপরীত।’
কোকচারভ মনে করেন, রাশিয়া বাশার আল-আসাদ সরকারকে সামরিক সহায়তা দেওয়াকেই প্রাধান্য দিচ্ছে। দেশটি চাইছে সিরিয়ার গৃহযুদ্ধকে কয়েকটি পক্ষের যুদ্ধ থেকে সিরিয়া সরকার ও জিহাদি গোষ্ঠী—এ দুই পক্ষের একটি যুদ্ধে পরিণত করতে। এতে বিরোধীদের প্রতি আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে যাবে।
আইএইচএসের নতুন উপাত্ত বলছে, আইএসকে তুরস্ক সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে ঠেলে দেওয়া হয়েছে। ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুলের ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কায়ারাহ বিমানঘাঁটি সংগঠনটির কাছ থেকে পুনর্দখল করেছে ইরাকি বাহিনী।
সিরিয়ার মানবিজ শহর ও তার আশপাশের সড়কের নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস। এই সড়ক আইএসের কথিত রাজধানী রাকার সঙ্গে তুরস্ক সীমান্তকে যুক্ত করে।