চার রাজ্যেই ক্ষমতায় আসছে বিজেপি?
ভারতের চার রাজ্যে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোট-পরবর্তী বুথ-ফেরত সমীক্ষা বা ‘একজিট পোল’-এ উঠে এসেছে এই চিত্র। চার রাজ্যের নির্বাচনে বিজেপির জয়জয়কার ও আম আদমি পার্টির (এএপি) অদ্ভুত উত্থানের পাশাপাশি ফুটে উঠেছে বিবর্ণ কংগ্রেসের বিহ্বলতা। ভোটের আগের প্রায় সব জরিপেও ছিল এমনই চিত্র।
সমীক্ষা বা জরিপ সব সময় শতভাগ সত্য হয় না। কিন্তু মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও দিল্লির এই বুথ ফেরত সমীক্ষা সত্য হলে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নিজেদের রাজত্ব ধরে রাখার পাশাপাশি বিজেপি দিল্লি ও রাজস্থানকে কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। চার রাজ্যের পাশাপাশি মিজোরামেও ভোট হয়েছে। তবে জাতীয় রাজনীতিতে ওই রাজ্যের প্রভাব সামান্যই।
পাঁচটি সংস্থা এই চার রাজ্যে বুথ ফেরত সমীক্ষা চালায়। ওআরজি, সি ভোটার, এসি নিয়েলসন, সিএসডিএস ও চাণক্য। সবার জরিপেই দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে বিজেপি এগিয়ে। সিএসডিএসের জরিপ অনুযায়ী বিজেপি ৪২, ওআরজির জরিপ অনুযায়ী ৪১, এসি নিয়েলসনের জরিপ অনুযায়ী ৩২, চাণক্যের জরিপ অনুযায়ী ৩০ এবং সি ভোটারের জরিপ অনুযায়ী ২৯ আসন পেতে পারে। কংগ্রেসকে সবচেয়ে বেশি ২৫ আসন দিয়েছে সিএসডিএস। সবচেয়ে কম নয়টি দিয়েছে চাণক্য। চাণক্য এএপিকে দিয়েছে সবচেয়ে বেশি ৩০ আসন। বাকিরা কেউ ১৮, কেউ ১৬, কেউ ছয়, কেউবা তিনটি আসন পাচ্ছে। সব সমীক্ষার মূল কথা, দিল্লিতে বিজেপিই এগিয়ে। তবে এককভাবে সরকার গড়ার মতো আসন পাওয়া নিয়ে সংশয় রয়েছে। আর এর জন্য দায়ী এএপি। মাত্র নয় মাস আগে দল গড়ে তারা দিল্লিকে ত্রিশঙ্কু বিধানসভার মুখে দাঁড় করিয়েছে।
দিল্লি বাদে বাকি তিন রাজ্যে বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ভালোভাবেই জয়ের সম্ভাবনা উঠে এসেছে। ছত্তিশগড়ে ৯০ আসনের মধ্যে ওআরজি, সি ভোটার, সিএসডিএস ও চাণক্যের সমীক্ষায় বিজেপি নিরঙ্কুশ গরিষ্ঠতা পাচ্ছে বলে উঠে এসেছে। ওআরজির সমীক্ষায় সবচেয়ে বেশি ৫৩ এবং সি ভোটারের সমীক্ষায় সবচেয়ে কম ৪৪ আসন দেওয়া হয় বিজেপিকে। কংগ্রেসকে সবচেয়ে বেশি ৪১ আসন দিয়েছে সি ভোটার, সবচেয়ে কম ৩৩টি আসন দিয়েছে ওআরজি।
মধ্যপ্রদেশ ও রাজস্থানে ব্যবধান বিস্তর। মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে চাণক্যের সমীক্ষায় বিজেপি পাচ্ছে ১৬১টি আসন। ওআরজি সমীক্ষায় সবচেয়ে কম ১৩৮টি পাচ্ছে দলটি। ওআরজি ও এসি নিয়েলসনের সমীক্ষায় ৮০টি আসন পাচ্ছে কংগ্রেস। আর চাণক্যের জরিপে দলটি পাচ্ছে সবচেয়ে কম ৬২ আসন। রাজস্থানের ২০০ আসনের মধ্যে চাণক্য বিজেপিকে দিয়েছে সবচেয়ে বেশি ১৪৭ আসন। সবচেয়ে কম ১১০ আসন দিয়েছে ওআরজি। ক্ষমতাসীন কংগ্রেস এখানে ওআরজির সমীক্ষায় ৬২, সি ভোটারের সমীক্ষায় ৪৮ ও চাণক্যের সমীক্ষায় ৩৯ আসন পেয়েছে। বুথ ফেরত সমীক্ষার এই ফলাফলে উৎফুল্ল বিজেপি।