চারজন দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এক নারী আলোকচিত্রীকে গণধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার চারজনকে দোষী সাব্যস্ত করেছেন মুম্বাইয়ের একটি আদালত।
দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন সালিম আনসারী, সিরাজ রেহমত খান, বিজয় মোহান যাদব ও মোহাম্মদ কাসিম হাফিজ শেখ। গ্রেপ্তারের সময় তাঁদের বয়স ছিল ১৮ থেকে ২৭ বছর।
বিচারক শালিনী পানসালকর যোশী বলেন, ‘চারজনের বিরুদ্ধেই ধর্ষণে জড়িত থাকার প্রমাণ মিলেছে। কাল (আজ শুক্রবার) তাঁদের সাজা ঘোষণা করা হবে। তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।’
গত বছরের আগস্টে মুম্বাইয়ে একটি পরিত্যক্ত কারখানায় ছবি তুলতে গেলে ওই নারী আলোকচিত্রী (২২) গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় নারীর নিরাপত্তা নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ হয়।
বিচারক আরও বলেন, ওই চারজনের বিরুদ্ধে অস্বাভাবিক যৌনতা, ওই নারীকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা, তথ্যপ্রমাণ নষ্ট করাসহ বেশ কয়েকটি অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
যাদব, আনসারী ও কাসিম শেখের বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে একই কারখানা এলাকায় একজন নারী টেলিফোন অপারেটরকে গণধর্ষণের ঘটনায়ও গতকাল দোষী সাব্যস্ত করা হয়। এএফপি।