ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলছাত্রী নির্ভয়াকে ধর্ষণের মামলায় চারজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দিল্লির হাইকোর্ট। বিচারপতি রেবা ক্ষেত্রপাল ও প্রতিভা রানীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার ওই রায় দিয়েছেন।
আসামি অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশ যে অপরাধ করেছেন, তা বিরলের মধ্যে বিরলতম অভিহিত করে হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘তাঁদের সাজা বহাল রাখা হলো।’
আদালত বলেন, ‘মৃত্যুদণ্ড গৃহীত হলো। বিচারিক আদালত যে রায় দিয়েছেন, তা বহাল থাকল। আসামিদের আবেদন নাকচ করা হলো।’
রায় ঘোষণার সময় নির্ভয়ার বাবা-মা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের বাইরে তাঁর মা সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা এই রায়ই প্রত্যাশা করেছিলাম। তবে রায় কার্যকর হওয়ার পরই কেবল আমরা পুরোপুরি খুশি হব।’
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে নির্ভয়া ও তাঁর ছেলেবন্ধুকে বাসে তুলে চলন্ত বাসের মধ্যেই নির্ভয়াকে ধর্ষণ করেন রাম সিং, বিনয়, অক্ষয়, পবন, মুকেশ ও আরও এক কিশোর। নির্ভয়ার ছেলেবন্ধুটিকেও মারধর করা হয়। পরে দুজনকে বাস থেকে ফেলে দেন অপরাধীরা। ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া।
বিচার চলাকালে গত মার্চে রাম সিংকে কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। কিশোর অপরাধীকে বাদ দিয়ে অপর চারজনকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেন গত ১৩ সেপ্টেম্বর। এ রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। সাড়ে তিন মাস ধরে শুনানি শেষে গত ৩ জানুয়ারি মামলার কার্যক্রম শেষ হয়। এরপর গতকাল হাইকোর্ট রায় ঘোষণা করেন। নির্ভয়াকে ধর্ষণের ঘটনায় ভারতজুড়ে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। পিটিআই।