চারটি অস্ত্র ও ছয় হাজার গুলি কেনেন জেমস হোমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অরোরা শহরের সিনেমা হলে হামলার ঘটনায় শোক পালন চলছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া জেমস হোমস গত ছয় মাসে চারটি আগ্নেয়াস্ত্র ও ছয় হাজার গুলি কিনেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ব্যাটম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’ চলার সময় একজন বন্দুকধারী সিনেমা হলে ঢুকে গুলি চালায়। এতে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৪ বলে উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে জাতীয় পতাকা অর্ধনমিত করে শোক পালন চলছে। গতকাল শত শত শোকার্ত মানুষ ঘটনাস্থলে ভিড় করে। মোমবাতি, ফুল ও কার্ড দিয়ে নিহতদের প্রতি জানায় তারা। অরোরা পুলিশের প্রধান ড্যান ওয়াটস বলেন, হামলার পর সিনেমা হলের বাইরে থেকে জেমসকে গ্রেপ্তার করা হয়। অরোরায় তাঁর অ্যাপার্টমেন্টে রোবট ব্যবহার করে তল্লাশি চালানো হয়। পুলিশপ্রধান জানান, জেমস একটি রাইফেল, একটি শটগান ও দুটি পিস্তল নিয়ে হামলা চালান। গত ছয় মাসে এসব অস্ত্রের সঙ্গে তিনি ছয় হাজার গুলি কিনেছিলেন। এএফপি, রয়টার্স।