চারটি ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত-জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও জার্মানির মধ্যে চারটি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এর আগে তাঁরা হায়দরাবাদ হাউসে বৈঠক করেন। এতে দুই নেতা নিরাপত্তা ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, কারিগরি শিক্ষা, চিকিৎসা গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরমাণু পদার্থবিদ্যা—এই চারটি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘আমরা আফগানিস্তান ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ একটি বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট কোনো স্থানে নয়, বিশ্বের প্রতিটি প্রান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।’এক প্রশ্নের জবাবে মনমোহন সিং বলেন, আমাদের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ পাঁচ হাজার মেগাওয়াটেরও কম। ২০২০ সালের মধ্যে এই উৎপাদন আমরা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চাই। ভারতের পারমাণবিক প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এই ইস্যুতে ভারত ও জার্মানি একই অবস্থানে রয়েছে। আমাদের মত হলো, নিরাপত্তা পরিষদে বর্তমান বিশ্ব-বাস্তবতার প্রতিফলন ঘটা উচিত।গতকাল সকালে নয়াদিল্লি পৌঁছান আঙ্গেলা মেরকেল। প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে স্বাগত জানান। মেরকেলকে বহনকারী বিমানকে ইরানের বাধা: ভারত যাওয়ার পথে গতকাল মঙ্গলবার মেরকেলকে বহনকারী বিমানকে নিজের আকাশসীমা ব্যবহার করতে সাময়িকভাবে বাধা দেয় ইরান। পরে অবশ্য ইরানের আকাশসীমা ব্যবহার করেই নয়াদিল্লি পৌঁছান মেরকেল। তবে এ কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর নয়াদিল্লি পৌঁছান তিনি। এ ঘটনায় জার্মানিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করছে জার্মান সরকার।মেরকেলের মুখপাত্র স্টিভেন সিবার্ট জানান, মেরকেলকে বহনকারী বিমানকে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এ কারণে বিমানটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর নয়াদিল্লি পৌঁছায়। মেরকেলের সফরসঙ্গী জার্মান কর্মকর্তারা বিষয়টিকে ‘সমন্বয়ের অভাব’ বলে অভিহিত করেছেন।জার্মান গণমাধ্যমে বলা হয়েছে, তেহরানের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনার পর বিমানটিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এই আলোচনার মধ্যস্থতা করে তুরস্ক। তবে এ ঘটনার আগে জার্মান সরকারের আরেকটি বিমান ভারতের উদ্দেশে বার্লিন ত্যাগ করে এবং সেটি কোনো বাধা ছাড়াই নয়াদিল্লি পৌঁছে। রয়টার্স, এএফপি।