চার্চিলের চিঠি ও চুরুট নিলামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের বেশ কিছু জিনিস নিলামে বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে চার্চিলের রেখে যাওয়া একটি হাভানা চুরুট ও তাঁর লেখা চিঠি। এগুলো প্রায় ছয় লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রকাশনা ব্যবসায়ী স্টিভ ফোর্বস জিনিসগুলো বিক্রি করেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এ জিনিসগুলোর মালিক ছিলেন। এসব জিনিসের মধ্যে চার্চিলের চিঠি এবং মুক্তবাজার অর্থনীতি নিয়ে তাঁর বক্তব্যের রেকর্ড রয়েছে। লন্ডনের বিখ্যাত নিলামঘর ক্রিস্টির মাধ্যমে গত বুধবার এগুলো বিক্রি করা হয়।নিলামে ওঠা চার্চিলের চিঠি ও বইগুলোকে ‘সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ব্যক্তিগত সংগ্রহ’ বলে উল্লেখ করা হয়েছে। মোট পাঁচ লাখ ৭৭ হাজার ৬৩ ডলারে এগুলো বিক্রি হয়েছে। ক্রিস্টির বই ও পাণ্ডুলিপিবিষয়ক পরিচালক টমাস ভেনিং জানান, নিলামে ওঠানো চার্চিলের চিঠিগুলোর মধ্যে রয়েছে ১৯৪০ সালের জুনে লেখা একটি চিঠি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম সংকটময় মুহূর্তে লেখা এ চিঠিটি চার্চিলের নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার গুণাবলি প্রমাণ করেছে।ভেনিং বলেন, ‘চার্চিলের একজন সাবেক ব্যক্তিগত সচিব দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার মনোভাব নিয়ে একটি চিঠি লিখেছিলেন। তিনি চার্চিলকে লেখেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন শান্তিচুক্তি করার সময় এসেছে।’ জবাবে চার্চিল লিখেছিলেন, ‘এটা একেবারেই একটা কাপুরুষোচিত চিঠি। এ ধরনের চিঠি লেখায় তোমাকে নিয়ে আমি লজ্জিত। আমি এটি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলার জন্য এবং ব্যাপারটি ভুলে যাওয়ার জন্য ফেরত দিচ্ছি।’চার্চিলের চিঠিগুলো নিলাম ঘরের ধারণার চেয়েও চারগুণ বেশি দামে বিক্রি হয়েছে। ব্রিটেনের একজন ব্যক্তিগত সংগ্রাহক ৩৪ হাজার ৮৫০ পাউন্ডে চিঠিগুলো কিনে নিয়েছেন।চার্চিলের না খাওয়া একটি হাভানা চুরুট অনেক বেশি দামে বিক্রি হয়েছে। নিলাম প্রতিষ্ঠান ধারণা করেছিল, এটি এক থেকে দেড় হাজার পাউন্ডে বিক্রি হবে। কিন্তু চুরুটটি বিক্রি হয়েছে দুই হাজার ১২৫ পাউন্ডে।মুক্তবাজার অর্থনীতির পক্ষে চার্চিল বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বক্তব্য রেখেছিলেন। ম্যানচেস্টার এবং হাউস অব কমন্সেও তিনি এ বিষয়ে বক্তৃতা করেন। নিলামে তাঁর এ বক্তব্যের রেকর্ড প্রচুর দামে বিক্রি হয়েছে। নিলামঘর ক্রিস্টি ধারণা করেছিল, চার্চিলের বক্তব্যের রেকর্ডগুলো ২০ থেকে ৩০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে। কিন্তু এগুলো বিক্রি হয়েছে ৩৯ হাজার ৬৫০ পাউন্ডে।চার্চিলের একটি ব্যক্তিগত ডায়েরিও নিলামে ওঠানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এটি শেষ মুহূর্তে নিলাম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চার্চিলের দৈনন্দিক কার্যক্রমের বিস্তারিত লিপিবদ্ধ রয়েছে এ ডায়েরিতে। ক্রিস্টি আশা করেছিল, এটি এক লাখ ২০ হাজার পাউন্ডে বিক্রি হবে। ফোর্বস সাময়িকীর প্রতিষ্ঠাতা বিসি ফোর্বসের নাতি ও বর্তমানে ফোর্বস ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ফোর্বস বলেন, ‘চার্চিলের জিনিসগুলো তিনি বিক্রি করে দিচ্ছেন, কেননা পরিবারের সদস্যরা তাঁর আবেগকে বুঝতে চান না।’ সূত্র: বিবিসি