চার্লস টেলরের ৫০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের সহযোগিতা করার দায়ে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের ৫০ বছরের কারাদণ্ড হয়েছে। সিয়েরা লিয়নের গৃহযুদ্ধ নিয়ে গঠিত জাতিসংঘের বিশেষ যুদ্ধাপরাধ আদালত গতকাল বুধবার টেলরের উপস্থিতিতে এ রায় দেন। হেগের বাইরে অবস্থিত ওই আদালতের বিচারক রিচার্ড লুসিক রায়ে বলেন, ‘সব অভিযোগের দায়ে বিচার চেম্বার আপনাকে (টেলর) ৫০ বছরের কারাদণ্ডাদেশ দিল।’ তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য কিছু অপরাধের প্রমাণ পাওয়া গেছে।’ আদালতের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক কৌঁসুলি ব্রেন্ডা হোলিস। রায় ঘোষণার সময় টেলর (৬৪) এজলাসে মাথা নিচু করেছিলেন। এ সময় তিনি কালো স্যুটের ওপর সোনালি টাই পরা ছিলেন। তিনি চোখ বন্ধ করে বিচারকের রায় শোনেন। রায়ের প্রতিক্রিয়ায় টেলর ও তাঁর আইনজীবী বলেছেন, এই রায় অন্যায়। তা ছাড়া সাজার মেয়াদ অতিরিক্ত হয়েছে। যুক্তরাজ্যের কারাগারে সাজা ভোগ করতে হতে পারে টেলরের। কেননা, এখন পর্যন্ত যুক্তরাজ্যই টেলরকে কারাগারে রাখতে আগ্রহ প্রকাশ করেছে। তবে টেইলরের ব্রিটিশ কৌঁসুলি কোর্টনেই গ্রিফিথস বলেন, টেলরকে যুক্তরাজ্যে পাঠানো ঠিক হবে না। কেননা, এতে তিনি নিজের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত সিয়েরা লিয়নে গৃহযুদ্ধ চলে। এ সময় সিয়েরা লিয়নের বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেন টেইলর। বিনিময়ে তিনি সিয়েরা লিয়নের বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) কাছ থেকে তাদের নিয়ন্ত্রিত হীরাখনি থেকে হীরা নেন। বিদ্রোহীরা যুদ্ধের সময় হত্যা ও ধর্ষণ করে। এ ছাড়া ১৫ বছরের নিচের বয়সী শিশুদের যুদ্ধ করতে বাধ্য করে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ ১১টি অপরাধে গত ২৬ এপ্রিল টেলরকে দোষী সাব্যস্ত করা হয়। এএফপি ও বিবিসি।