চার্লসের চিঠি প্রকাশে ব্রিটিশ সুপ্রিম কোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার মন্ত্রীদের কাছে লেখা প্রিন্স চার্লসের লেখা গোপন চিঠিগুলো প্রকাশের অনুমতি দিয়েছে। চিঠিগুলোর প্রকাশ ঠেকাতে সরকারি চেষ্টাকে অবৈধ বলেও ঘোষণা করেছেন আদালত। খবর গার্ডিয়ান এবং বিবিসির।
ব্রিটিশ যুবরাজের চিঠিগুলো প্রকাশের অনুমতি চেয়ে ১০ বছর ধরে প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান আইনি লড়াই চালিয়ে আসছিল। আদালতের এই সিদ্ধান্তকে ব্রিটিশ সরকারের জন্য একটি বড় ধরনের আঘাত বলে বিবেচনা করা হচ্ছে। সরকার এসব চিঠি প্রকাশে অনীহা প্রকাশ করে বলেছিল, চার্লসের ওই কথিত হস্তক্ষেপ আসলে ছিল নিতান্তই অকপট কাজ।
সাতজন বিচারকের মধ্যে পাঁচজন চিঠি প্রকাশের পক্ষে মত দেন। এগুলো লেখা হয়েছিল ২০০৪ থেকে ২০০৫ সালের মধ্যে। ফ্রিডম অব ইনফরমেশন ট্রাইব্যুনাল ২০১২ সালে এসব চিঠি জনসমক্ষে প্রকাশের অনুমতি দিয়েছিল। প্রিন্স চার্লস টনি ব্লেয়ার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে ২৭টি চিঠি লিখেছিলেন।
বিচারকেরা রায়ে বলেন, ট্রাইবু৵নালের এই সিদ্ধান্তে বাধা দেওয়ার আইনি অধিকার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভের ছিল না।
আদালতের রায়ের পর প্রিন্স চার্লসের দপ্তর থেকে বলা হয়েছে, ব্যক্তিগত গোপনীয়তার নীতিকে অক্ষুণ্ণ না রাখাটা হতাশাজনক। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও রায়ে হতাশা প্রকাশ করেছেন।