চার্লসের লেখা গোপন চিঠি প্রকাশ ঠেকানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকজন মন্ত্রীর কাছে প্রিন্স চার্লসের লেখা গোপন চিঠিপত্র যাতে প্রকাশ করা না হয়, সে জন্য আদালতের শরণাপন্ন হচ্ছে ব্রিটিশ সরকার। গত সপ্তাহে তথ্য প্রাপ্তির অধিকারবিষয়ক ট্রাইব্যুনাল সরকারকে ওই চিঠিপত্র হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।কথিত গোপন চিঠিগুলোতে সরকারের আইন প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে প্রিন্স চার্লসের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাজ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত বলে দেশটির সরকার বা রাজনীতিতে রাজপরিবারের এ ধরনের ভূমিকা থাকার কথা নয়।সাতজন মন্ত্রীর সঙ্গে ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত সময়ে প্রিন্স চার্লসের গোপনে চিঠি আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।গত আগস্টে তথ্য কমিশনার জন কার্কহোপ গোপন চিঠিগুলো প্রকাশের নির্দেশ দেন। এতে জোরালো আভাস মেলে যে যুক্তরাজ্যে পার্লামেন্টের বিল প্রণয়নের ক্ষেত্রে ‘রয়্যাল ভেটো’ নামে একটি গোপন প্রভাব খাটানোর বিষয় আছে। মনে করা হচ্ছে, মন্ত্রিপরিষদ থেকে কিছু কিছু আইন প্রণয়নের ক্ষেত্রে যে আমলাদের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর বড় ছেলে প্রিন্স চার্লসের অনুমোদন নিতে বলা হয়, চিঠিগুলো প্রকাশ পেলে তা ফাঁস হয়ে যাবে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান-এর তথ্য অনুযায়ী, গত দুটি পার্লামেন্ট অধিবেশনের অন্তত ১২টি খসড়া বিলে প্রিন্স চার্লসের অনুমোদন নেওয়া হয়েছে বলে দেখা গেছে। বিদ্যুৎ, পরিকল্পনা, আর্থিক উন্নয়ন ও নির্মাণ—এ ধরনের বিষয়ে মন্ত্রীদের সঙ্গে চিঠিপত্র চালাচালি হয়েছে প্রিন্স চার্লসের। টিএনএন।