চার্লি চ্যাপলিনের জন্ম বেদের কাফেলায়!
সর্বকালের সেরা কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন সম্ভবত যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে বেদেদের কাফেলায় জন্মেছেন। এই অভিনেতার শয়নকক্ষে কয়েক দশক ধরে তালাবদ্ধ হয়ে পড়ে থাকা এক চিঠিতে এ দাবি করা হয়।ডেইলি মেইল জানায়, চিঠিটি স্ট্যাফোর্ডশায়ার টেমওয়ার্থের বাসিন্দা জ্যাক হিল লিখেছিলেন। চ্যাপলিনের মৃত্যুর পর তাঁর মেয়ে ভিক্টোরিয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবার ডেস্ক থেকে ১৯৯১ সালে চিঠিটি উদ্ধার করেন। চিঠির প্রেরক হিল ১৯৭৭ সালে মারা যান। চ্যাপলিনের প্রকৃত জন্মস্থানের তথ্য নিয়ে চলছে এক রহস্য, যা আজও বের করতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ। গত শতকের সত্তরের দশকে চ্যাপলিনকে লেখা ওই চিঠিতে দাবি করা হয়, তিনি (চ্যাপলিন) বার্মিংহামের কাছে ‘ব্ল্যাক প্যাচ’ এলাকায় জন্মেছেন। কিন্তু চ্যাপলিন প্রকাশ্যে দাবি করেছিলেন তাঁর জন্ম লন্ডনে। ওই চিটিতে হিল লেখেন, ওয়েস্ট মিডল্যান্ডসের স্মেথউইকে এক বেদে সম্প্রদায়ের কাফেলায় চার্লি চ্যাপলিনের জন্ম। পিটিআই।