মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির কেন্দ্রীয় শহর মান্দালেয় দুই দিনের সফর স্থগিত করেছেন। গতকাল শুক্রবার তাঁর রাজনৈতিক দলের একজন মুখপাত্র এ কথা জানান।আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় উপনির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সু চি। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলে প্রচারণার সময় হাজার হাজার মানুষ শান্তিতে নোবেলজয়ী সু চিকে অভিনন্দন জানান। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন মুখপাত্র বলেন, সু চি তাঁর দুই দিনের সফর স্থগিত করেছেন। কারণ মান্দালেয় যে ফুটবল মাঠে তিনি বক্তৃতা দিতে চেয়েছিলেন, কর্তৃপক্ষ তা ব্যবহারের অনুমতি দেয়নি। আজ শনিবার সু চির ওই সফর শুরু করার কথা ছিল।ওই মুখপাত্র আরও বলেন, ‘ইউনিয়ন ইলেকশন কমিশন আমাদের অন্য একটি মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এই মাঠটিতে মাত্র ১০ হাজার মানুষের জায়গা হবে। অথচ সু চির ওই জনসভায় এর চেয়ে অনেক বেশি লোক সমাগম হওয়ার কথা। এ জন্য সফর বাতিল করা হয়েছে।’ এএফপি।