চিকিত্সায় কোনো উন্নতি নেই এখনো সংকটে জ্যোতি বসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের প্রবীণ এই কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে প্রচারিত মেডিকেল বুলেটিনে এ কথা বলা হয়েছে।জ্যোতি বসুকে রাখা হয়েছে পুরোপুরি ভেন্টিলেশনে। তবে সোমবার রাতে হঠাত্ তাঁর জ্বর ওঠে। এখনো জ্বর রয়েছে। হূত্স্পন্দন মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও ফুসফুসের অবস্থা ভালো নয়।। জমে গেছে পানি। শুরু হয়েছে ফুসফুসে ‘স্টিফ লাং সিনড্রোম’। পানি জমেছে মস্তিষ্কের কোষেও। তাঁর একাধিক অঙ্গ-প্রত্যঙ্গেও সমস্যা দেখা দিয়েছে। এখন ওষুধে আশানুরূপ সাড়া দিচ্ছে না। শরীরে রোগ প্রতিরোধক্ষমতাও কমে গেছে। বেড়েছে আচ্ছন্নতা। সোমবার জ্যোতি বসুকে হাসপাতালে দেখতে যান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। ১৯৭৭ সালে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছ থেকেই জ্যোতি বসু বামফ্রন্টের পক্ষে ক্ষমতা গ্রহণ করেছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় ঈশ্বরের কাছে জ্যোতি বসুর দ্রুত আরোগ্য কামনা করেন।জ্যোতি বসু নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে পয়লা জানুয়ারি সল্টলেকের বেসরকারি এএমআরআই হাসপাতালে ভর্তি হন। এদিকে জ্যোতি বসুর স্বাস্থ্য নিয়ে গোটা দেশের মানুষ চরম উত্কণ্ঠার মধ্যে রয়েছে। তাঁর স্বাস্থ্যের সর্বশেষ খবর নিতে প্রতিদিনই শত শত মানুষ হাসপাতালের সামনে ভিড় করছে।