আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সহায়তা করায় পাকিস্তানি এক চিকিৎসককে ৩৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্বাসঘাতকতার দায়ে গতকাল বুধবার পাকিস্তানের খাইবার জেলার একটি আদালত এই আদেশ দেন।শাকিল আফ্রিদি নামের ওই চিকিৎসককে দুই মাস আগে চাকরি থেকে বরখাস্ত করে সরকার। ওসামার অবস্থান নিশ্চিত হতে শাকিল ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনা করেন বলে অভিযোগ আনা হয়। খাইবার জেলায় আদিবাসী বিচারব্যবস্থায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে ৩৩ বছরের কারাদণ্ড ও তিন লাখ ২০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। খাইবার পাকিস্তানের আধাস্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত।খাইবারের প্রশাসনিক প্রধানের মুখপাত্র মোহাম্মদ সিদ্দিক জানান, ‘স্থানীয় আদালতের আদেশে বিশ্বাসঘাতকতার দায়ে শাকিল আফ্রিদির জেল-জরিমানা হয়েছে। তাঁকে পেশোয়ারের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’ওসামাকে খুঁজে বের করতে সহায়তা দেওয়ার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ শাকিল আফ্রিদিকে নিয়োগ দেয়। গত জানুয়ারিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, শাকিল আফ্রিদি পাকিস্তানে ওসামার অবস্থান নিশ্চিত করতে ডিএনএ সংগ্রহ করে মার্কিন গোয়েন্দাদের সহায়তা করেন। সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্যানেট্টা আরও বলেন, শাকিল পাকিস্তানের সঙ্গে কোনোভাবে বিশ্বাসঘাতকতা করেননি। শুধু শাকিল নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেওয়া যে কারও বিরুদ্ধে এমন অভিযোগ তোলা একেবারেই ভুল।গত বছরের ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো বাহিনীর অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। এএফপি, রয়টার্স।